ওয়ানডেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেরণা-পাথেয়জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে গর্ব করার মতো অনেক কিছুই আছে। পাঁচ ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার বাংলাদেশের একমাত্র কীর্তিটি জিম্বাবুয়ের বিপক্ষে (২০০৬-০৭)। কোনো প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের হাজার রান করার একমাত্র কৃতিত্বটিও এখানেই—জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব আল হাসান করেছেন ১১০৫ রান। অন্য কোনো দেশের বিপক্ষে যেখানে দুটির বেশি সেঞ্চুরি নেই বাংলাদেশের, জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি ৯টি। এক সিরিজে সবচেয়ে বেশি রান ও উইকেটও বাংলাদেশেরই দুজনের—তামিম ইকবাল (৩০০ রান, ২০০৯) ও আবদুর রাজ্জাক (১৫ উইকেট, ২০০৯-১০ মৌসুম)। সবচেয়ে বেশি ৪৩টি ডিসমিসাল মুশফিকুর রহিমের।যেখানে এগিয়ে জিম্বাবুয়েসময় বদলে গেলেও বিশ্ব ক্রিকেটে একটা সময় সমীহ জাগানো দলই ছিল জিম্বাবুয়ে। জয়-পরাজয়ের হিসাবে পিছিয়ে থাকলেও পরিসংখ্যানের এমন অনেক ক্ষেত্রই আছে, যেখানে পূর্বসূরিদের কল্যাণে জিম্বাবুয়ের আধিপত্য সুস্পষ্ট। আটটি তিন শ পেরোনো স্কোরের ৬টিই জিম্বাবুয়ের। সর্বোচ্চ ১৬১ রানের জুটিটি জিম্বাবুয়ের দুই ফ্লাওয়ার সহোদর গ্রান্ট ও অ্যান্ডির। ম্যাচে সেরা দুটি বোলিং পারফরম্যান্সও দুই জিম্বাবুইয়ানের—ব্রায়ান স্ট্র্যাং (৬/২০) ও ব্রায়ান ভিটরি (৫/২০)। কভেন্ট্রি-চমকআন্তর্জাতিক ক্রিকেটে যাঁর পরিচিতি ছিল না বললেই চলে, সেই চার্লস কভেন্ট্রিই চমক হয়ে এলেন ২০০৯ সালে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে। বুলাওয়েতে ১৬টি চার ও ৭টি ছয়ে খেললেন হার না-মানা ১৯৪ রানের ইনিংস। সাঈদ আনোয়ারের গড়া ওয়ানডেতে সর্বোচ্চ স্কোরের রেকর্ডটির অংশীদার হয়ে যাওয়া ব্যাটসম্যান অবশ্য এরপর হারিয়েই গেছেন।না থেকেও আছেন নাফীসটেস্ট সিরিজের মাঝপথেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছেন শাহরিয়ার নাফীস। তবে আজ শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ মনে করিয়ে দিচ্ছে তাঁর কথা। দুই দলের ওয়ানডে লড়াইয়ে তিনটি সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার তিনি। তাঁর ৩টি সেঞ্চুরিই আবার হার না-মানা ইনিংস (১২৩*, ১১৮* ও ১০৫*)। ১৭ ম্যাচে ৭৭৭ রান। ব্যাটিং গড় ৫৫.৫০! অনাকাঙ্ক্ষিত ‘রেকর্ড’২০০৯ সালে বাংলাদেশ সফরের একটি ম্যাচ পারলে ভুলেই যেতে চাইবে জিম্বাবুয়ে। চট্টগ্রামের ওই ম্যাচে মাত্র ৪৪ রানে অলআউট হয়েছিল সফরকারীরা! দুই দেশের দ্বৈরথে এক শর নিচে স্কোর আছে আরও একটি। সেটি অবশ্য বাংলাদেশের। ১৯৯৭ সালে নাইরোবিতে ৯২ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। অতিরিক্ত খাতে সর্বোচ্চ ৩৭ রান দেওয়ার অবিশ্বাস্য ‘কীর্তি’ জিম্বাবুয়ের (ঢাকা, ২০০১)। খরুচে বোলারদের তালিকায় বাংলাদেশের বোলারদের ‘জয়জয়কার’। প্রথম ছয়জনই বাংলাদেশের। ৯ ওভারে ৮৪ রান দিয়ে শীর্ষে মাহবুবুল আলম (বুলাওয়ে, ২০০৯)।