ওয়ানডেতে বড় জয়ে শুরু
ব্যাট হাতে নাসির হোসেন, এরপর বল হাতে আলো ছড়ালেন জিয়াউর রহমান। তাঁদের হাত ধরে আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২১ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৬৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩২.১ ওভার খেলতেই মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।বাংলাদেশের জয়ের নায়ক জিয়াউর রহমান। ৯ ওভার বল করে ৩০ রান খরচায় পাঁচটি উইকেট শিকার করেন এই ফাস্ট-মিডিয়াম বোলার। শফিউল ইসলাম নেন দুটি উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নেন রবিউল ইসলাম ও আবদুর রাজ্জাক।এ ম্যাচে বাংলাদেশের বড় সংগ্রহের কারিগর ছিলেন নাসির হোসেন। দীর্ঘক্ষণ এক প্রান্ত আগলে রেখে ৬৮ রান করেন তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন মমিনুল হক।২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। শফিউল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন রেজিস চাকাবা (১)। ১৩ রানের মাথায় সিকান্দার রাজাকেও (৩) ফেরান শফিউল। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে নেন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। তবে এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর পথ হারায় জিম্বাবুয়ে।৩৩ রান করা টেলরকে ফেরান আবদুর রাজ্জাক। ব্যক্তিগত ১০ রানে রানআউট হন সিন উইলিয়ামস। দলীয় সংগ্রহ তখন ৯৩ রান। ম্যাচের ২০তম ওভারে হ্যামিলটন মাসাকাদজা (৩৮) ও এলটন চিগুম্বুরাকে (০) সাজঘরমুখী করেন জিয়াউর রহমান। নিজের পরের ওভারে বল করতে এসে জিয়াউর ফেরান প্রসপার উতসেয়াকে (০)। জিম্বাবুয়ের সংগ্রহ তখন ৭ উইকেটে ৯৩ রান! এর পরও যে স্বাগতিকদের সংগ্রহটা ১৪৮ পর্যন্ত গেছে, এর কৃতিত্ব শিঙ্গি মাসাকাদজার। ৩৩ রান করে আউট হন তিনি। জিম্বাবুয়ের ইনিংসের ইতি সেখানেই।দলীয় ৯৪ রানের মধ্যে চারটি উইকেট হারায় প্রথমে ব্যাট করা বাংলাদেশ। সেই বিপর্যয় কাটে পঞ্চম উইকেটে মমিনুল-নাসিরের ৭৬ রানের জুটিতে। দলীয় ১৭০ রানে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৩৮ রানে থাকা মমিনুল হন। ৬৮ রান করা নাসির হোসেন যখন ফেরেন, তখন দলীয় সংগ্রহ ২১৪। বাংলাদেশের ‘চ্যালেঞ্জিং’ সংগ্রহ নিশ্চিত হয় শেষের দিকে মাহমুদউল্লাহর ৩৬ রানের ইনিংসে।জিম্বাবুয়ের সফলতম বোলার শিঙ্গি মাসাকাদজা। ৫১ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন তিনি। ৫২ রান খরচায় দুটি উইকেট নেন টেন্ডাই ছাতারা। সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ২৬৯/৮ (৫০ ওভার)নাসির ৬৮, মমিনুল ৩৮, মাহমুদউল্লাহ ৩৬, তামিম ৩১শিঙ্গি ৪/৫১, ছাতারা ২/৫২জিম্বাবুয়ে: ১৪৮/১০ (৩২.১ ওভার)হ্যামিলটন ৩৮, টেলর ৩৩, শিঙ্গি ৩৩জিয়াউর ৫/৩০, শফিউল ২/৩৯ফল: বাংলাদেশ ১২১ রানে জয়ী।সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০-তে এগিয়ে।