২৭ মে, ১৯৯৯। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে এমন এক চূড়ায় উঠেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, যেখানে তাঁর আগে উঠতে পারেননি আর কেউ। গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রান করার পথে ওয়ানডে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সেই সময়ের ভারত অধিনায়ক ছুঁয়েছিলেন ৯ হাজার রানের মাইলফলক। মাহেলা জয়াবর্ধনেকে নিয়ে কাল আজহারের প্রতিষ্ঠিত নয় হাজারি ক্লাবের সদস্যসংখ্যা হয়ে গেল ১৩। শ্রীলঙ্কার হয়ে জয়াবর্ধনের আগে অভিজাত এই ক্লাবে ঢুকেছেন অরবিন্দ ডি সিলভা ও সনাৎ জয়াসুরিয়া। ক্লাবে ভারতের সদস্যসংখ্যা অবশ্য শ্রীলঙ্কার চেয়েও একজন বেশি। আজহার ছাড়া আছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়। দুজন করে প্রতিনিধি আছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্ট, পাকিস্তানের ইনজামাম-উল হক ও মোহাম্মদ ইউসুফ। ক্লাবের অন্য দুই সদস্য—ব্রায়ান লারা ও জ্যাক ক্যালিস। নয় হাজার ছুঁতে সবচেয়ে বেশি ইনিংস লাগল জয়াবর্ধনেরই (৩০৭ ইনিংস)। সবচেয়ে কম ২২৮ ইনিংস লেগেছিল সৌরভ গাঙ্গুলীর। ২৩৫ ইনিংসে ৯ হাজার করে সৌরভের ঠিক পরেই ওপেনিংয়ে তাঁর সাবেক সঙ্গী শচীন টেন্ডুলকার।