ওয়ানডেতেও একই বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের প্রস্তুতি ম্যাচ, সফরের একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারল না বাংলাদেশ। সাকিব আল হাসানদের প্রতিপক্ষ হিসেবে পেয়ে যেন ‘অপ্রতিরোধ্য’ হয়ে উঠেছে স্বাগতিক জিম্বাবুয়ে!শুরুতে ব্রায়ান ভিটরির তাণ্ডব, এরপর ব্যাট হাতে ভুসি সিবান্দার ঝড়—দুয়ে মিলিয়ে আজ বাংলাদেশকে ৪ উইকেটের হার ‘উপহার’ দিয়েছে জিম্বাবুয়ে।খাতা-কলমে লড়াইটা ছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ের। তবে দলীয় লড়াইয়ের ব্যাপ্তি ছাড়িয়ে মাঝে ছিল আরও একটা লড়াই—তামিম ইকবাল ও ব্রায়ান ভিটরির মধ্যে। এ লড়াইয়ে ভিটরির কাছে অসহায় আত্মসমর্পণ করেন তামিম। কিন্তু ভিটরি শুধু তামিমকে ফিরিয়েই শান্ত হননি। নিজের অভিষেক ম্যাচে গোটা বাংলাদেশ দলকেই একটা ধ্বংসস্তূপে পরিণত করেন এই ফাস্ট মিডিয়াম বোলার। খেলার শুরুতেই বাংলাদেশের ইনিংসকে ধ্বংসস্তূপে পরিণত করেন ভিটরি। তবে এর মাঝেও লড়ে যান অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাজঘরে ফেরার আগে সাকিব ৫৩ ও মুশফিক ৫৯ রান করেন। দলীয় রান তখন ৭। ৪ রানে থাকা তামিমকে সাজঘরে পাঠিয়ে তাণ্ডবের সূচনা করেন ভিটরি। একে একে এই বোলার সাজঘরে পাঠান শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েসকে। ৩৩ রান তুলতেই শীর্ষ চারটি উইকেট হারায় বাংলাদেশ। সবকটি উইকেটই শিকার করেন ভিটরি!ব্যাটসম্যানদের ‘নগণ্য’ সংগ্রহের পর ভরসা ছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু পেসার রুবেল হোসেন ছাড়া জ্বলে উঠতে পারলেন না কেউ। স্পষ্ট করে বললে, বাংলাদেশি বোলারদের আত্মসমর্পণে বাধ্য করেছেন জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান সিবান্দা একা। জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৮৫ রান। এর মধ্যে সিবান্দা একাই দলীয় সংগ্রহে যোগ করেন ৯৬ রান। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস! জিম্বাবুয়েকে অসাধারণ এক জয় এনে দেওয়ার একটু ‘আক্ষেপ’ রয়েই গেলো সিবান্দার!সংক্ষিপ্ত স্কোর—বাংলাদেশ ১৮৪/১০ (৪৮.৪ ওভার)মুশফিক ৫৯, সাকিব ৫৩ভিটরি ৩০/৫জিম্বাবুয়ে ১৮৬/৬ (৪১.২ ওভার)সিবান্দা ৯৬, মাসাকাদজা ৪১রুবেল ২৭/৪, সাকিব ৪৮/১