ওয়ানডেতেও টি-টোয়েন্টির জিম্বাবুয়ে!
সচরাচর দেখা যায় না এমনটা। গড়ে ১২ করে রান দেওয়া এক বোলার শেষ পর্যন্ত জয়ের নায়ক! সিঙ্গিরাই মাসাকাদজা নিজের অভিষেক ম্যাচেই করলেন এটা। ম্যাচ-সেরার পুরস্কার তাঁর হাতে ওঠেনি, তবে ৩ ওভারে ৩৬ রান দেওয়া মাসাকাদজা ম্যাচের শেষ ৩ বলে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের নায়ক বনে গেছেন। তাঁর এই ৩ বলের জাদুতেই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২ রানে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। পাঁচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি আজ একই স্টেডিয়ামে।বেশির ভাগ সময়েই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে চাপে রাখা জিম্বাবুয়ে আসল পরীক্ষার সামনে পড়ে শেষ ৩ ওভারে গিয়ে। ম্যাচটা একবার ওয়েস্ট ইন্ডিজের দিকে হেলে পড়ে তো পরমুহূর্তেই চলে যায় জিম্বাবুয়ের দিকে। সফরের একমাত্র টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে স্পিন দিয়েই ঘায়েল করেছিল জিম্বাবুয়ে। পরশুও প্রসপার উতসেয়া, রেমন্ড প্রাইস, গ্রায়েম ক্রেমার ও গ্রেগ ল্যাম্ব—এই চার স্পিনার মিলে ৪৬ ওভার পর্যন্ত ম্যাচটি নিজেদের দিকেই টেনে রাখেন। ২৫৪ রান তাড়া করতে গিয়ে ৪৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১০ রানে গিয়ে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য তখন ৪ ওভারে ৪৫ রান দরকার ছিল তাদের—দুরূহ লক্ষ্য। চিগুম্বুরার পরের ওভার থেকে আসে ১৩ রান। ঠিক তখনই অধিনায়ক উতসেয়া বল তুলে দেন মাসাকাদজার হাতে। ওভারে ১০ রান দিলেও তিনি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলা শিবনারায়ণ চন্দরপলকে (৭০)। পরের ওভারে মাত্র ৭ রান দিয়ে চিগুম্বুরা হিসেবটা দাঁড় করান ৬ বলে ১৫ রানের। মাসাকাদজার পরের ওভারের প্রথম ৩ বল থেকে নিকিতা মিলার ১১ রান (৬+৪+১) নিয়ে ম্যাচটি টেনে আনেন ওয়েস্ট ইন্ডিজের দিকে। কিন্তু মাসাকাদজা-জাদু বাকি ছিল তখনো। পর পর দু বলে তিনি ফিরিয়ে দেন ডোয়াইন স্মিথ ও সুলেমান বেনকে। শেষ বলটা ছিল দারুণ এক ইয়র্কার। ওই ইয়র্কার থেকে হয় এক রান। সঙ্গে সঙ্গে মাসাকাদজাকে নিয়ে উল্লাসে মেতে ওঠে জিম্বাবুয়ে দল।সতীর্থদের চোখে তিনি নায়ক হলেও ম্যাচ অ্যাডজুডিকেটরের চোখে জিম্বাবুয়ের জয়ের নায়ক ভূসি সিবান্দা। কেমার রোচ, সুলেমান বেনদের আক্রমণ সামলে ১৬২ বলে ৯৫ রান করেছেন এই জিম্বাবুইয়ান ব্যাটসম্যান। টাটেন্ডা টাইবু (৫৬) ছিলেন তাঁর যোগ্য সতীর্থ। দ্বিতীয় উইকেটে তাদের জুটিটা ছিল শতরানের।মাসাকাদজার বোলিংয়ের সঙ্গে এ দুজনের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। আর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল করেছেন স্মিথ আর পোলার্ডের ব্যাটিংয়ের সমালোচনা। পোলার্ড ৫ ও স্মিথ করেছেন ৪ রান। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটা ২৫২ পর্যন্ত যেতে পেরেছে গেইল (৫৭), আড্রিয়ান বারাথ (৫০) ও চন্দরপলের (৭০) তিনটি ফিফটির কল্যাণেই। এএফপি, ওয়েবসাইট।