ওয়ানডেতেও টেস্টের হিউজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডন ব্র্যাডম্যান যদি ওয়ানডে খেলতেন, তাহলে ব্যাটিং-গড় কেমন হতো? ফিল হিউজের মতো!উপমাটা বাড়াবাড়ি মনে হচ্ছে? গত দুই বছর হিউজের যা পারফরম্যান্স, সেটি জানা থাকলে অবশ্য তা মনে হবে না। আন্তর্জাতিক ওয়ানডে অবশ্যই নয়, তাতে হিউজের অভিষেকই তো এই শ্রীলঙ্কা সিরিজে। বলা হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের ম্যাচের কথা। ২০১০ সালের ডিসেম্বর থেকে শ্রীলঙ্কা সিরিজের আগ পর্যন্ত ২০ ম্যাচে ১৪ বার পঞ্চাশ পেরিয়েছিলেন হিউজ। সব মিলিয়ে ‘লিস্ট এ’ ম্যাচে হিউজের চেয়ে বেশি গড় ছিল অস্ট্রেলিয়ার কেবল মাইকেল বেভানের (৫৭.৮৬)। তার পরও হিউজের গায়ে লেগে গিয়েছিল শুধু টেস্ট ক্রিকেটারের তকমা!‘দায়’ কিছুটা তাঁর নিজেরও। টেস্ট ক্যারিয়ারের শুরুতে অমন হইচই ফেলে দিয়েছিলেন বলেই না হয়েছিল এমন! ২১ বছরের এক তরুণকে নিয়ে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় গেল অস্ট্রেলিয়া। অভিষেক ইনিংসে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসেই ৭৫। দ্বিতীয় টেস্টে স্টেইন-মরকেল-এনটিনিদের বিপক্ষে ১১৫ ও ১৬০। সদ্য অবসরে যাওয়া ম্যাথু হেইডেনের দারুণ এক বিকল্প পেয়ে গেছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল অস্ট্রেলিয়া। কিন্তু তাঁর অপ্রথাগত টেকনিকে খুঁত বেরিয়ে গেল দ্রুতই। শরীর তাক করে আসা বাউন্সারে দুর্বলতাটা চাউর হয়ে গেল। হিউজও পথ হারালেন। একসময় চলে গেলেন আড়ালেই।তবে বয়সটা পক্ষে ছিল, ছিল জেদ। টেকনিক নিয়ে কাজ করলেন অনেক, নিউ সাউথ ওয়েলস আর কাউন্টিতে উস্টারশায়ারের হয়ে রানের বন্যা ছোটালেন। গত বছর ভাগ্যবদলের আশায় বদলালেন রাজ্য, নিউ সাউথ ওয়েলস ছেড়ে সাউথ অস্ট্রেলিয়ায়। ভাগ্যের চাকাও যেন ঘুরে গেল। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টেস্ট দলে জায়গা পাকা করলেন। শেন ওয়াটসনের চোটে সুযোগ এল ওয়ানডেতে। অভিষেকেই সেঞ্চুরি, পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি আরেকটি। ৬৪.২৫ গড়ে ২৫৭ রান—দুটিই সিরিজে সর্বোচ্চ।