ওয়ানডেতেও ধবলধোলাই মেয়েরা
আহমেদাবাদে কাল যেন ১৮ বছর আগের স্মৃতি ফিরিয়ে এনেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ১৯৯৫ সালের এই এপ্রিলেই এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ২৩৩ রানে অলআউট করে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশের পুরুষ দল। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছিলেন সাইফুল ইসলাম। কিন্তু ব্যাটিংয়ে মাত্র ১২৬ রানেই গুটিয়ে গিয়ে বাস্তবতা বুঝেছিল আকরাম খানের দল।সেই অভিজ্ঞতাই হলো সালমাদের। মেয়েদের ওয়ানডেতে কালই প্রথম ৪ উইকেট পেলেন কোনো বাংলাদেশি ক্রিকেটার। ২০ রানে ৪ উইকেট নিয়ে ভারতকে মাত্র ১৫৪ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন লেগ স্পিনার রুমানা আহমেদ। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৯৬ রানেই শেষ বাংলাদেশের ইনিংস। ৫৮ রানের হার, টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও ‘ধবলধোলাই’ হয়ে ফিরছে সালমার দল। বাংলাদেশের ইনিংসে অধিনায়ক সালমা (২২) ছাড়া আর কেউ বিশের কোঠায় যেতে পারেননি। কাল ভারতেরও সেরা বোলার এক লেগ স্পিনার। ওয়ানডে অভিষেকেই ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন পুনম যাদব। তথ্যসূত্র: ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৪৮.৩ ওভারে ১৫৪ (রাঠ ৩০, কাউর ২৯, মান্ধানা ২৩; রুমানা ৪/২০, লতা ২/২৩, পান্না ২/৩৭, সালমা ১/৩৪)। বাংলাদেশ: ৪১.১ ওভারে ৯৬ (সালমা ২২, পান্না ১৩, শুকতারা ১২, ফারজানা ১০, রুমানা ১০; যাদব ৩/১৫, রাঠ ২/১৫, বিস্ত ২/১৯, শর্মা ১/১০, ধ্রুব ১/১১)।ফল: ভারত ৫৮ রানে জয়ী।সিরিজ: ভারত ৩-০-তে জয়ী।