ওয়ানডেতেও পাতানোর গন্ধ: পিসিবির অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারির পর গতকাল রাতে প্রথম জয় পেয়েছে পাকিস্তান। তবে শুক্রবার ওভালে অনুষ্ঠিত সেই ওয়ানডে ম্যাচটিতেও পাওয়া যাচ্ছে পাতানোর গন্ধ। ব্রিটিশ ট্যাবলয়েড সানের দাবি, ম্যাচ শুরুর আগেই না কি পাকিস্তানের ইনিংসের বিস্তারিত জানতেন জুয়াড়িরা! পত্রিকাটির তথ্যের ভিত্তিতে তদন্তে নেমেছে আইসিসি। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।আইসিসির প্রধান নির্বাহী হারুণ লরগাত আজ শনিবার বলেন, ‘একটি ব্রিটিশ পত্রিকার তথ্যের ভিত্তিতে ওভালে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সত্যিই অবৈধ কিছু ঘটেছে কি না তা উদঘাটনের জন্য পূর্ণ তদন্তের বিকল্প নেই।’তবে পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট প্রকাশিত খবরের সমালোচনা করে বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই গুজব ছড়ানো হচ্ছে। আমি এখনো প্রতিবেদনটি পড়িনি। তাই এর বেশি মন্তব্য করতে পারব না।’ আইসিসির কর্মকর্তাদের তদন্তে নামার ব্যাপারে প্রশ্ন করা হলে বাট বলেন, ‘আইসিসি এ নিয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এটা পুরোপুরি কল্পনাপ্রসূত। এর মাঝে সত্যের লেশমাত্র নেই।’ব্রিটিশ ট্যাবলয়েড সানের দাবি, গতকাল ওভালে ম্যাচ শুরুর আগেই পাকিস্তানের ইনিংসের বিস্তারিত জানতেন ভারত ও দুবাইয়ের জুয়াড়িরা। টের পেয়ে পত্রিকাটি আইসিসির কর্মকর্তাদের তা জানায়। কয়েক দফা ফোনের পর পাকিস্তানের ক্রিকেটারদের সতর্ক করার সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। কিন্তু ততক্ষণে ম্যাচ শুরু হয়ে যায়।—টাইমস অব ইন্ডিয়া