ওয়ানডেতেও বেইলি-লায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক হয়ে আন্তর্জাতিক অভিষেক আচমকাই পাল্টে দিয়েছে ক্যারিয়ারের মোড়। জর্জ বেইলির ক্যারিয়ারে এবার যোগ হতে যাচ্ছে আরেক নতুন অধ্যায়। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক জায়গা পেয়েছেন ওয়ানডে দলেও। ১০টি টেস্ট খেলার পর অস্ট্রেলিয়ার রঙিন জার্সি গায়ে চড়ানোর সুযোগ পাচ্ছেন অফ স্পিনার নাথান লায়ন। বহু আলোচিত ‘বিশ্রাম’ কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে ফিরেছেন ব্র্যাড হাডিন, তবে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে। তাঁর প্রতিদ্বন্দ্বী ম্যাথু ওয়েডও যে আছেন দলে। বাজে ফর্মের কারণে দলে জায়গা হারিয়েছেন শন মার্শ। শুধু এটুকুই নয়, প্রধান নির্বাচক জন ইনভেরারিটি জানিয়েছেন, আপাতত টেস্ট দলেও বিবেচনা করা হবে না মার্শকে। দুঃসংবাদ শুনতে হয়েছে প্যাট কামিন্সকেও। অভিষেক টেস্টে ব্যাটে-বলে নায়ক হওয়ার পর থেকেই চোট মাঠের বাইরে রেখেছে ১৮ বছর বয়সী ফাস্ট বোলারকে। উইন্ডিজ সফরকে পাখির চোখ করেছিলেন, কিন্তু চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে জুনে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের আগে অন্তত ফেরার সম্ভাবনা নেই কামিন্সের।স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে ক্যারিবিয়ায় যাবেন মিচেল স্টার্কও। বোলিং কোচ ক্রেইগ ম্যাকডারমটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা ও দলীয় আবহে রাখার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে বাঁহাতি পেসারকে। সেন্ট ভিনসেন্টের ওয়ানডে দিয়ে ১৬ মার্চ শুরু ৫ ম্যাচের সিরিজ। এরপর আছে দুটি টি-টোয়েন্টি ম্যাচও। ১৬ সদস্যের ওয়ানডে দলের তিনজন নেই টি-টোয়েন্টি দলে—ক্লার্ক, হাডিন ও হিলফেনহস। টি-টোয়েন্টিতে দলেও সুযোগ পেয়েছেন ফরেস্ট, ফিরেছেন মাইক হাসি। ওয়েবসাইট।অস্ট্রেলিয়া ওয়ানডে দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, জর্জ বেইলি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জেভিয়ার ডোহার্টি, পিটার ফরেস্ট, ব্র্যাড হাডিন, বেন হিলফেনহস, ডেভিড হাসি, মাইকেল হাসি, ব্রেট লি, নাথান লায়ন, ক্লিন্ট ম্যাকাই, জেমস প্যাটিনসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।