অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৭ উইকেট। গত ডিসেম্বরে ডারবানের সেই টেস্ট শেষে তার পরও মন খারাপ ছিল দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মার্চেন্ট ডি ল্যাঙ্গের। শ্রীলঙ্কার কাছে দল যে হেরেছিল ২০৮ রানের বিশাল ব্যবধানে। কাল অকল্যান্ডে ওয়ানডে অভিষেকে আর মন খারাপ করতে হয়নি এই ডানহাতি ফাস্ট বোলারকে। ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের মিডল অর্ডারকে ধসিয়ে দিয়েছেন। ৫ উইকেটের সহজ জয় পেয়ে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজও জিতে নিয়েছে ৩-০-তে। ম্যাচসেরা হয়েছেন ল্যাঙ্গেই।টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। আর্দ্র ও ঝোড়ো আবহাওয়াই হয়তো প্রভাবিত করেছে এই সিদ্ধান্ত নেওয়ায়। পরিস্থিতিকে পুরোপুরি কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকান বোলাররা নিউজিল্যান্ডকে ৪৭ ওভারেই ২০৬ রানে অলআউট করে দেন। এরপর হাশিম আমলার আরেকটি ফিফটিতে ৪০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।অথচ দক্ষিণ আফ্রিকা এই ম্যাচ খেলতে নেমেছিল ভাঙাচোরা এক দল নিয়ে। বিশ্রাম দেওয়া হয়েছিল সিরিজের সেরা বোলার মরনে মরকেলকে। চোটের কারণে খেলেননি গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিস। লেজের দিকের এক ব্যাটসম্যান ওয়েইন পারনেলকে নামিয়ে দেওয়া হলো ওপেনিংয়ে। তিনে নামলেন অলরাউন্ডার আলবি মরকেল। কিন্তু তার পরও স্বাগতিকেরা পারল না ধবলধোলাই এড়াতে।৮৯ বলে ৭৬ রান করেছেন আমলা, উদ্বোধনী জুটিতে পারনেলের সঙ্গে যোগ করেছেন ৮০ রান। ২ ও ৩০ রানে দুইবার জীবন পাওয়া ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যান আমলা এরপর আলবি মরকেলের সঙ্গে যোগ করেন আরও ৫৮ রান। আমলাকে আউট করেই ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম উইকেটটি পেয়েছেন কাইল মিলস। শেষের দিকে দক্ষিণ আফ্রিকার আরও কয়েকটি উইকেট তুলে নিলেও সেটা যথেষ্ট হয়নি নিউজিল্যান্ডের হার বাঁচাতে।এর আগে নিউজিল্যান্ড বড় রান গড়তে পারেনি নিয়মিত উইকেট হারানোয়। তাদের প্রথম পাঁচটি জুটিতে রান এসেছে যথাক্রমে ১৩, ৩২, ২৯, ৩১ ও ৫৫। সর্বোচ্চ ৪৭ রান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের। রয়টার্স, ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড: ৪৭ ওভারে ২০৬ (নিকোল ১২, গাপটিল ৭, ব্রেন্ডন ম্যাককালাম ৪৭, উইলিয়ামসন ২২, ফ্রাঙ্কলিন ৩৬, গ্র্যান্ডহোম ৩৬, নাথান ম্যাককালাম ১০, এলিস ২, মিলস ৫, বেটস ১৩, ম্যাকাই ২*; সতসোবে ১/৩৬, স্টেইন ০/২৮, ডি ল্যাঙ্গে ৪/৪৬, পিটারসন ২/৩৬, বোথা ১/২৮, পারনেল ০/১৮, ডুমিনি ০/১১)।দক্ষিণ আফ্রিকা: ৪৩.২ ওভারে ২০৮/৫ (আমলা ৭৬, পারনেল ২৭, আলবি মরকেল ৪১, ডু প্লেসিস ১৯, ডুমিনি ২৫, ডি ভিলিয়ার্স ৯*, বোথা ৫*; মিলস ১/৪১, বেটস ১/২৮, নাথান ০/৩৫, ম্যাকাই ০/৪০, এলিস ১/৩৫, নিকোল ২/১৪, গ্র্যান্ডহোম ০/৯, উইলিয়ামসন ০/৪)।ফল: দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী।সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩-০-তে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: মার্চেন্ট ডি ল্যাঙ্গে।