নাসের হুসেইনের পাওয়া শিক্ষাটার কথা শহীদ আফ্রিদি জানেন কি না, কে জানে! ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফরের আগে সেই সময়ের ইংল্যান্ড অধিনায়ক প্রতিপক্ষের নতুন অধিনায়ক সম্পর্কে বলেছিলেন, ‘গ্রায়েম স্মিথ আবার কে?’ প্রথম দুই টেস্টেই ডাবল সেঞ্চুরি করে নিজেকে চিনিয়েছিলেন স্মিথ। দুটি টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়ার পরও কাল ম্যাচ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার দল দেখে আফ্রিদি বললেন, ‘তোতসোবেটা কে?’ কাল ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা সেই ‘অচেনা’ ক্রিকেটারই, আফ্রিদি এখন নিশ্চয়ই চিনেছেন!তোতসোবের ক্যারিয়ার-সেরা বোলিং আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে বেঁধে রাখে ২০৩ রানে। ৬৩ বল বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকা জিতে যায় ৮ উইকেটে। উইকেট দুটি পড়লেও ড্রেসিংরুমে ফিরে যেতে হয়েছে চারজন প্রোটিয়া ব্যাটসম্যানকে। শোয়েব আখতারের বাউন্সারে হাতে ব্যথা পেয়ে অবসর নেন স্মিথ, পায়ের ক্র্যাম্পে জ্যাক ক্যালিস।জানুয়ারির পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ইউনুস খানকে পেয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। দলীয় ২৬ রানে তোতসোবে আসাদ শফিককে ফিরিয়ে দেওয়ার পর দ্বিতীয় উইকেটে ১১৪ রানের জুটি গড়েন ইউনুস-হাফিজ। এই দুজনের বিদায়ের পর আবার বেরিয়ে পড়ে পাকিস্তান ব্যাটিংয়ের হতশ্রী চেহারাটা। ৩০ ওভার শেষে ১ উইকেটে ১৪০ রান যে দলের, সেই দলটাই কিনা অল আউট ২০৩ রানে! হাফিজ ও ইউনুসকে আউট করেছেন বোথা, দ্বিতীয় স্পেলে ফিরে ৩ উইকেট নিয়েছেন তোতসোবে।ষষ্ঠ ওভারে স্মিথ অবসর নিলেও ২৯ বলে ৩৫ করে দলকে কাঙ্ক্ষিত সূচনা এনে দেন হাশিম আমলা। চোট কাটিয়ে ফেরা ক্যালিস ও দুরন্ত ফর্মে থাকা ডি ভিলিয়ার্সের দুটি ফিফটিতেই নিশ্চিত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার টানা দশম ওয়ানডে জয়। ওয়েবসাইট।পাকিস্তান: ৪৯ ওভারে ২০৩ (হাফিজ ৬৮, ইউনুস ৫৪, শফিক ১৯, মিসবাহ ১৪, জুলকারনাইন ১২*; তোতসোবে ৪/২৭, বোথা ২/৪০, ল্যাঙ্গেভেল্ট ২/৪৭, মরকেল ১/৩২), দক্ষিণ আফ্রিকা: ৩৯.৩ ওভারে ২০৭/২ (ক্যালিস ৬৬, ডি ভিলিয়ার্স ৫৪, আমলা ৩৫, স্মিথ ১৮, ডুমিনি ১০*, ইনগ্রাম ১২*, আজমল ২/৪২)।