ওয়ানডেতেও সেই ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতে পারত ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করা মাইকেল ক্লার্ক বা ৪৯ বলে অপরাজিত ৮৯ রান করা ক্যামেরন হোয়াইটের গল্প। কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত হয়ে গেল বিরাট কোহলি ও সুরেশ রায়নার ঝড়ের গল্প। এই দুজনের সঙ্গে যুবরাজ সিংয়ের ফিফটিতে কাল বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল মহেন্দ্র সিং ধোনির দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি ভেসে গেছে বৃষ্টিতে। ম্যাচ শুরু হয়েছিল অবশ্য অস্ট্রেলিয়ার বিপদ দিয়েই। ইনিংসের চতুর্থ ও অষ্টম ওভারে মাত্র ১৬ রানেই অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছিলেন আশিস নেহরা। এরপর মাইক হাসিকে নিয়ে তৃতীয় উইকেটে ১৪৪ রান যোগ করেন ক্লার্ক। ৭৭ বলে ৬৯ রান করে হাসি আউট হয়েছেন। ১০ ওভার শেষে স্কোর ছিল ২ উইকেটে ৩০, সেই অস্ট্রেলিয়াই ৫০ ওভার শেষে ৩ উইকেটে করল ২৮৯ রান! শেষ ৫ ওভারে ৮৪ রান তুলেছিল অস্ট্রেলিয়ানরা! কৃতিত্ব সেই হোয়াইটের।ক্লার্কও ঝড় তুলেছিলেন। টেস্ট সিরিজের খারাপ সময় পেছনে ফেলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন; অপরাজিত ছিলেন ১১১ রানে। কিন্তু হোয়াইটের তুলনায় তিনি ছিলেন নিতান্তই শান্ত। ৩৮ বলে ফিফটি করে ফেললেন এই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। এরপর যেন আরও দানবীয় চেহারা ধারণ করল তাঁর ব্যাট। শেষ যে ১১টি বল খেললেন, তাতে যোগ করলেন আরও ৩৯ রান। শেষ ওভারেই ৩ ছক্কা মারা হোয়াইট মোট ৬টি ছক্কা ও ৬টি চার মেরেছেন তাঁর ঝোড়ো ইনিংসে। কিন্তু হোয়াইটের এই ইনিংস ‘মিথ্যে’ করে দিল ভারতীয়রা। শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারতও; ইনিংসের দ্বিতীয় বলেই ম্যাকাইয়ের বলে বোল্ড অভিষিক্ত শিখর ধাওয়ান। এরপর ১৫ রান করে ম্যাকাইয়ের দ্বিতীয় শিকার হয়েছিলেন মুরালি বিজয়। তৃতীয় উইকেটে যুবরাজকে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন কোহলি। যুবরাজ আউট হওয়ার পর শুরু হয় সুরেশ রায়নার ঝড়। ৩৭ বলে ফিফটি করে ফেলেন রায়না। ১১৮ রান করে হ্যাস্টিংসের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কোহলি। তিন বল পর হ্যাস্টিংস খালি হাতে ফেরান ধোনিকে। তাতেও সমস্যা হয়নি ভারতীয়দের। ৪৭ বলে ৯টি চার ও ১টি ছয়ে ৭১ রান করা রায়না ভারতকে ৭ বল বাকি থাকতেই জয় এনে দিয়েছেন।