ওয়ানডেতেও হারে শুরু
বাংলাদেশ অধিনায়কের দুর্দান্ত ইনিংস ম্লান হয়ে গেল প্রতিপক্ষ অধিনায়কের দুর্দান্ত ইনিংসে। সালমা খাতুনের ব্যাট থেকে এল ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। অধিনায়কের ব্যাটে বাংলাদেশ গড়ল নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে ইনিংস। কিন্তু ১৯৪ রানের পুঁজি নিয়ে শুধু লড়াইটাই করতে পেরেছে বাংলাদেশের মেয়েরা। এক পাশ আগলে রেখে দলকে জয় এনে দিয়েছেন ভারত দলপতি হারমানপ্রীত কাউর। আহমেদাবাদে কাল প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ভারতের মেয়েরা।দেশসেরা মহিলা পেসার জাহানারা প্রথম ওভারেই ফেরান ভারত ওপেনার পুনম রাউতকে। থিরুশ কামিনী, মোনা মেশরামদের ব্যাটে ধাক্কা সামলে ধীরে ধীরে এগোয় ভারত। কামিনী যখন রানআউট হলেন, ২২.২ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৬৪। ম্যাচে ভালোভাবেই ছিল বাংলাদেশ। কিন্তু উইকেটকিপার অনঘা দেশপান্ডেকে নিয়ে হারমানপ্রীতের জুটিই ম্যাচটা বের করে নিয়ে যায়। ৯৫ বলে ৮৩ রানের জুটি গড়েন দুজন। জাহানারা পরে ফিরে অঘনকে (৫০ বলে ৪৭) ফিফটি পেতে না দিলেও স্বাগতিকা-নিরঞ্জনাদের নিয়ে দলকে জয় এনে দেন হারমানপ্রীত। ১০০ বলে মাত্র ৩ চারে ৬৩ রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক।সালমার ইনিংসটি ছিল উল্টো, স্ট্রোকসমৃদ্ধ ঝলমলে এক ইনিংস। ২৭ রানের মধ্যে ফিরে যান বাংলাদেশের দুই ওপেনার শুকতারা ও আয়েশা। এরপর দলকে কিছু দূর টানেন রুমানা (৬৩ বলে ৩৮) ও লতা (৭২ বলে ৩৯)। বাকিটা শুধু সালমা, অপরাজিত থাকেন ৮২ বলে ১১ চারে ৭৫ করে। শেষ ছয় ব্যাটসম্যানের কেউই ১৫ ছুঁতে পারেননি, সালমা একাই দলকে এনে দেন দুই শ ছুঁই-ছুঁই স্কোর। কিন্তু শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি সেটা। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ: ৫০ ওভারে ১৯৪/৮ (শুকতারা ১২, আয়েশা ৮, রুমানা ৩৮, লতা ৩৯, সালমা ৭৫*, ফারজানা ১, শাহনাজ ০, ফাহিমা ৪, পান্না ১২, জাহানারা ০*, নুজহাত ০*; একতা ৩/২৭, শুভলক্ষ্মী ২/২৮, স্বাগতিকা ১/২৩, নিরঞ্জনা ১/৪৮)। ভারত: ৪৯.২ ওভারে ১৯৬/৫ (পুনম ০, কামিনী ২৩, মোনা ২২, হারমানপ্রীত ৬৩*, অনঘা ৪৭, স্বাগতিকা ১৭, নিরঞ্জনা ১২*; জাহানারা ২/৩১, সালমা ১/৩০)।