ওয়ানডেতেও হাসি নেই ইংল্যান্ডের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার অ্যারন ফিঞ্চে বিদ্ধ ইংল্যান্ড
এবার অ্যারন ফিঞ্চে বিদ্ধ ইংল্যান্ড

টেস্টের দুর্দশা ওয়ানডে সিরিজ পর্যন্ত টেনে আনল ইংল্যান্ড। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজেও তাঁরা ধবলধোলাই হয়ে বাড়ি ফিরবে কি না, কে জানে। তবে শুরুটা কিন্তু দাপটের সঙ্গেই করল অস্ট্রেলিয়া। আজ মেলবোর্নে ২৬৯ করেও ৬ উইকেটের বড় ব্যবধানে হেরে গেল ইংল্যান্ড।

শুধু ৪ উইকেট হারিয়েছে বলেই নয়, অস্ট্রেলিয়ার হাতেও ছিল ৪ ওভারের বেশি বল। এর থেকেই বোঝা যায়, কতটা সহজে জিতেছে মাইকেল ক্লার্কের দল। ১২৮ বলে ১২টি চারে ১২১ রানের ইনিংস খেলা অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়ার জয়ের নায়ক।

ফিঞ্চের পাশাপাশি ৬৫ করেছেন ডেভিড ওয়ার্নার। মাইকেল ক্লার্কের ৪৩ রানের ইনিংসও ভূমিকা রেখেছে। ক্লার্ক আর ওয়ার্নার—এ দুজনকে নিয়ে ফিঞ্চের দুটো জুটিই আসলে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। এর মধ্যে উদ্বোধনী জুটিতেই ওয়ার্নারের সঙ্গে ফিঞ্চের ১৬৩। দুই রানের মধ্যে ওয়ার্নার ও শেন ওয়াটসনকে ফিরিয়ে ইংল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু তৃতীয় উইকেটে ফিঞ্চ-ক্লার্কের ৭২ রানের জুটি ম্যাচ থেকে ইংল্যান্ডকে একেবারেই ছিটকে দেয়। ১৬ বলের ব্যবধানে এই দুজনই ফিরে আসেন। কিন্তু ততক্ষণে জয়ের বন্দরে প্রায় ভিড়ে যাওয়া জাহাজটাকে নিরাপদে নোঙর করেন বেইলি আর ম্যাক্সওয়েল।

এর আগে গ্যারি ব্যালেন্স (৭৯) ও এউইন মরগ্যানের (৫০) দুটো ফিফটি এবং শেষ ৫ ওভারে তোলা ঝড়ের সুবাদে ২৬৯ করেছিল ইংল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক অ্যালিস্টার কুকের উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা। সপ্তম ওভারে জো রুটও সাজঘরে ফিরলে ব্যাকফুটেই চলে যায় সফরকারীরা। এরপর রান সংগ্রহের থেকে উইকেট ধরে রাখার দিকেই যেন বেশি মনোযোগ দিয়েছিলেন বেল ও ব্যালান্স। প্রায় ১১ ওভার উইকেটে থেকে ৪০ রান জমা করেছিলেন এই দুই ইংলিশ ব্যাটসম্যান। ১৮তম ওভারে ৪১ রান করে বেল যখন সাজঘরে ফেরেন, মনে হচ্ছিল টেস্ট সিরিজের দুঃস্মৃতি ইংল্যান্ড কাটিয়ে উঠতে পারেনি। ৩ উইকেটে তাদের রান তখন ৬২।

তবে এরপর বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছেন মরগান ও ব্যালান্স। চতুর্থ উইকেটে তাঁদের গড়া ৮৩ রানের জুটিটাই শক্ত ভিত্তির ওপরে দাঁড় করিয়েছে ইংল্যান্ডকে।

৪৬তম ওভারের প্রথম বলে বাটলারের সহজ একটা ক্যাচ ছেড়েছিলেন জাভিয়ের ডোহার্টি। দুই বল পরে অস্ট্রেলিয়ান এই স্পিনার যেন সেই ভুলেরই প্রায়শ্চিত্ত করলেন গ্যারি ব্যালান্সকে তালুবন্দী করে। কিন্তু বাটলারের ক্যাচটা ফেলে দেওয়ার মাশুল শেষ পর্যন্ত গুনতেই হলো অস্ট্রেলিয়াকে। বাটলার আর ব্রেসনানের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পাঁচ ওভারেই ইংল্যান্ড তুলল ৪৭ রান। ১০ রানে জীবন পাওয়া বাটলার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৪ রান করে। কিন্তু শেষ পর্যন্ত এখনো সফরে জয়ের হাসি ফুটল না ইংল্যান্ডের মুখে।