ওয়ানডেতেও হেরেই যাচ্ছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হওয়ার পর পাকিস্তানের কাছে কিছুটা মান বাঁচানোর অবলম্বন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে নামার আগে শহীদ আফ্রিদি হুমকি দিয়ে রেখেছিলেন, সীমিত ওভারের ক্রিকেটে অন্য পাকিস্তানকে দেখবে অস্ট্রেলিয়া। দাবিটা উড়িয়ে দেওয়ার মতো নয়। অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংও সেটি অবনত মস্তকে মেনে নিয়েছেন। কিন্তু হলোটা কী? পাকিস্তান তো জোড়া ‘হোয়াইটওয়াশের’ দিকে এগোচ্ছে! গ্যাবায় প্রথম ওয়ানডের পর কাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডেও (এসসিজিতেও) ২-০ হওয়াটা আটকাতে পারল না মোহাম্মদ ইউসুফের দল। প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আঁচ একটু ছিল। কিন্তু এখানে কিছুই রইল না, অস্ট্রেলিয়া জিতল ১৪০ রানে। এখনো তিন ম্যাচ বাকি। কিন্তু মানসিকভাবে নতজানু হয়ে পড়া, নেতৃত্ব আর দলে ঐক্যের সংকটে ভুগতে থাকা পাকিস্তান শেষ তিন ম্যাচে রুখে দাঁড়াতে পারবে?এই এসসিজিতেই ২০০০ সালে ১৫২ রানে হেরেছিল পাকিস্তান। সাফল্যের ফর্মুলাও একই। প্রথমে ব্যাট করে বড় রান করা। এর পর টপাটপ কয়েকটা উইকেট তুলে প্রতিপক্ষকে ফেলে দাও ভীষণ চাপে। মিল আছে আরেক জায়গায়। ওই ম্যাচে তখনকার ইউসুফ ইয়োহানা করেছিলেন ইনিংসের সর্বোচ্চ ৪১। কালকেরও দলীয় সর্বোচ্চও দিল মোহাম্মদ ইউসুফের ব্যাট (৫৮)।ম্যাচসেরা খেলোয়াড় শেন ওয়াটসন। ৭১ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন স্বভাবসুলভ ভঙ্গিতে। ৯টি চার, একটি ছক্কা। ওপেনিংয়ে শন মার্শের সঙ্গে ১০০ রানের জুটিও গড়েছেন। এমন ভালো শুরুর পরও অস্ট্রেলিয়ার ইনিংসটা ৩০০ পেরোয়নি মূলত শহীদ আফ্রিদি ও মোহাম্মদ আমিরের বোলিংয়ে। আফ্রিদি ১৪ রানের ব্যবধানে দুই ওপেনারকে ফেরানোর পর আমির আঘাত হেনেছেন অস্ট্রেলীয় মিডল-অর্ডারে। আফ্রিদি রানের চাকাও টেনে ধরেছিলেন (১০-০-৩৫-২)। তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ক্যামেরন হোয়াইটের ৫৫ রানের ইনিংসে ৫ উইকেটে ২৬৭ তোলে অস্ট্রেলিয়া। গত ৬ ইনিংসে তিনটি ফিফটি আর একটি সেঞ্চুরি তাঁর। এই ফর্ম ধরে রাখতে পারলে পাকিস্তান হয়তো শেষ পর্যন্ত ‘ক্যামেরন হোয়াইট-ওয়াশ’ই হবে!প্রথম ওয়ানডেতে ২৭৪ রান করেছিল পাকিস্তান। কিন্তু এ ম্যাচের শুরু থেকেই শবযাত্রার চেহারা পাকিস্তানের ইনিংসে। ৭১ রানে ৭ উইকেট পতনের পর শঙ্কা জেগেছিল, পাকিস্তান না ১০০ রানের আগেই অলআউট হয়ে যায়! শেষ পর্যন্ত ইউসুফের ৫৮ রান সেই লজ্জার হাত থেকে বাঁচালেও ম্যাচটা বাঁচাতে পারেনি পাকিস্তান।আগামীকাল অ্যাডিলেডে হারলে সিরিজ হারও নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৬৭/৬ (ওয়াটসন ৬৯, হোয়াইট ৫৫, মার্শ ৪১, ক্লার্ক ২৫, হাসি ২৯, হাডিন ২৭*; আমির ৩/৫৩, আফ্রিদি ২/৩৫, গুল ১/৭০)।পাকিস্তান: ৩৭.৩ ওভারে ১২৭ (ইউসুফ ৫৮, নাভেদ ২৭; ম্যাকে ৩/১৫, বলিঞ্জার ২/১৯, হরিজ ২/৪৫, সিডল ১/২৩, ওয়াটসন ১/১০)।ফল: অস্ট্রেলিয়া ১৪০ রানে জয়ীম্যান অব দ্য ম্যাচ: শেন ওয়াটসন