ওয়ানডের এক নম্বর সোয়ান
অনেকেই বর্তমান ক্রিকেটের সেরা স্পিনার মনে করেন তাঁকে। এবার কাগজে-কলমেও সেই স্বীকৃতিটা পেয়ে গেলেন গ্রায়েম সোয়ান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৮ উইকেট নিয়ে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেছেন ইংলিশ স্পিনার। দীর্ঘদিন পর শীর্ষস্থানটা হাতছাড়া হয়েছে ড্যানিয়েল ভেট্টোরির।বোলিংয়ের শীর্ষ দশে পরিবর্তন আছে আর একটিই। এপ্রিলের পর না খেললেও অন্যদের ওঠা-নামায় ১১ থেকে ১০-এ উঠেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। আগের মতোই ১৩ নম্বরে আছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পারফরম্যান্সেই ১৬ থেকে ১১-তে উঠেছেন জেমস অ্যান্ডারসন। এই সিরিজই আবার ১০ থেকে ১২-তে নামিয়েছে অজন্তা মেন্ডিসকে, একসময়ের এক নম্বর নুয়ান কুলাসেকারাকে ১১ থেকে ২০-এ।ব্যাটিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই। তবে বিশাল এক লাফ দিয়েছেন অ্যালিস্টার কুক। আগের র্যাঙ্কিংয়ে এক শর বাইরে থাকা ইংল্যান্ড অধিনায়ক উঠে এসেছেন ৪৮-এ! আগের মতোই বাংলাদেশের সেরা সাকিব (২৭)। ২৯ থেকে এক ধাপ এগিয়ে ঠিক পরেই আছেন তামিম ইকবাল। তামিমের উদ্বোধনী সঙ্গী ইমরুল কায়েস আবার ৪১ থেকে এক ধাপ পিছিয়েছেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও পরিবর্তন হয়নি—ওয়াটসন এক, সাকিব দুই।