ওয়ানডের মতো খেলে টেস্ট হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতাশ হয়ে সাজঘরে ফিরছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। আজ চতুর্থ দিনে মাত্র ৪৩ ওভার ব্যাটিং করতেই ৯ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ছবি: রয়টার্স
হতাশ হয়ে সাজঘরে ফিরছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। আজ চতুর্থ দিনে মাত্র ৪৩ ওভার ব্যাটিং করতেই ৯ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ছবি: রয়টার্স

বলে না দিলে বোঝার কোনো উপায় ছিল না যে মিরপুরে পাঁচ দিনের টেস্ট ম্যাচ চলছে, নাকি সীমিত ওভারের ওয়ানডে। প্রথম ইনিংসে ৪৯৬ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থাকার পর যেখানে উইকেট কামড়ে পড়ে থাকার কথা, সেখানে উল্টো বরং আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। যার শেষটা হলো ইনিংস ও ২৪৮ রানের বড় ব্যবধানের হার দিয়ে। প্রথম ইনিংসে ২৩২ রানের পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল ২৫০ রানে।

প্রথম ইনিংসে প্রায় ৫০০ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে পড়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালের উইকেট হারানো। মিরপুর টেস্টের তৃতীয় দিনে সবদিক থেকে শুধু হতাশাই সঙ্গী হয়েছিল বাংলাদেশের। তার পরও আশাবাদী মানুষের অভাব ছিল না। চতুর্থ দিনে মুশফিক বাহিনী ঘুরে দাঁড়াবে—এমন আশা নিয়েই হয়তো আজ খেলা দেখা শুরু করেছিলেন অনেকে। কিন্তু সেই আশায় পানি ঢেলে দিয়ে আবারও ব্যাটিং বিপর্যয়ের শিকার হলো বাংলাদেশ। একের পর এক উইকেট বিসর্জনের পরও আজ আক্রমণাত্মক মনোভাবটা পরিহার করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান মুমিনুল হক করেছিলেন মাত্র ৫৭ বল খেলে। দলের অন্যতম প্রধান ভরসা সাকিব আল হাসানও ছিলেন একই রকম আক্রমণাত্মক। সাজঘরে ফেরার আগে তিনি ২৫ রান করেছিলেন মাত্র ৩২ বল খেলে।

আজ চতুর্থ দিনে মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। দিনের প্রথম ওভারেই শামসুর রহমানকে সাজঘরমুখী করেছিলেন শামিন্দা ইরাঙ্গা। প্রথম ইনিংসে ৩৩ রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রান করেই আউট হয়েছেন প্রথম টেস্ট খেলতে নামা এই ওপেনার। চার ওভার পরে মার্শাল আইয়ুবও ফিরে গেছেন সুরঙ্গা লাকমলের শিকার হয়ে। সাজঘরে ফেরার আগে তাঁর ব্যাট থেকে এসেছিল ১৮ রান। চতুর্থ উইকেটে ৫২ রানের জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান ও মুমিনুল হক। কিন্তু দলীয় সংগ্রহ তিন অঙ্কের কোটা পেরোনোর পরই এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন সাকিব। একের পর এক উইকেট পতনের পরও ধীরস্থীরভাবে খেলার কোনো লক্ষণই দেখা যায়নি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে। আরও বরং মারমুখী হয়ে উঠেছিলেন মমিনুল। আটটি চার মেরে মাত্র ৫৮ বলেই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক পূর্ণ করেছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। কিন্তু সেই ৫০ রানেই তাকে থামিয়ে দিয়েছেন দিলরুয়ান পেরেরা। মধ্যাহ্নবিরতির আগে শেষ বলটাতেই বাংলাদেশ বড়সড় ধাক্কা খেয়েছিল অধিনায়ক মুশফিককে হারিয়ে। এ সময়ই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের ম্যাচ বাঁচানোর স্বপ্ন। মধ্যাহ্নবিরতির পর বাংলাদেশের বাকি চারটি উইকেট তুলে নিতে খুব বেশি কষ্ট করতে হয়নি লঙ্কান বোলারদের। তবে মজার ব্যাপার হলো, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের জুটিটা গড়েছিলেন শেষ দুই ব্যাটসম্যান রুবেল হোসেন ও আল-আমিন। এ সময় তাঁরা যেন ওয়ানডেও না, খেলেছেন টি-টোয়েন্টি। দশম উইকেটের এই ৫৩ রানের জুটিটা তাঁরা গড়েছেন মাত্র ৩৮ বলে। ১৮ বলে ৩২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আল-আমিন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়টা ঘটিয়েছেন মূলত দিলরুয়ান পেরেরা ও সুরঙ্গা লাকমল। প্রথমবারের মতো এক ইনিংসে পাঁচটি উইকেট পেয়েছেন পেরেরা। তিনটি উইকেট গেছে লাকমলের ঝুলিতে।