ওয়ানডের শীর্ষে আবার ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেললেন টেস্ট, একটা সেঞ্চুরিও করলেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনি শীর্ষে উঠলেন ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের। ধোনির উন্নতির কারণ মাইক হাসির অবনমন। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করে শীর্ষে ওঠা হাসি দুইয়ে নেমে গেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ইনিংসে একটি ফিফটিও করতে না পারায়। আগের দিনই টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন বীরেন্দর শেবাগ। অর্থাত্ ক্রিকেটের দুই সংস্করণের শীর্ষে এখন ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়ক। ওয়েবসাইট।হাসি পেছালেও এগিয়েছেন হাসির অধিনায়ক রিকি পন্টিং। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ রান করে চার ধাপ এগিয়ে পন্টিং এখন চারে। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে অবশ্য পরিবর্তন নেই, শীর্ষ তিনে আগের মতোই আছেন তিন বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি, রে প্রাইস ও সাকিব আল হাসান। পরিবর্তন নেই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও, সেরা তিনে সাকিব, শেন ওয়াটসন ও যুবরাজ সিং। টেস্ট র্যাঙ্কিংয়ে শেবাগ শীর্ষে থেকে সরিয়ে দিয়েছেন জাতীয়, রাজ্য ও আইপিএল দলে তাঁর ওপেনিং জুটির সঙ্গী গৌতম গম্ভীরকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে সিরিজ কাটানো গম্ভীর নেমে গেছেন পাঁচে। ৫ ধাপ এগিয়ে শীর্ষে শেবাগ, আর ৮ ধাপ এগিয়ে দুইয়ে হাশিম আমলা। যথাক্রমে তিন ও এক ধাপ এগিয়ে যৌথভাবে ছয়ে শচীন টেন্ডুলকার ও মাইকেল ক্লার্ক। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন সাকিব আল হাসান, হ্যামিল্টনে দুই ইনিংসে ১৮৭ রান করে ১১ ধাপ এগিয়ে বাংলাদেশ অধিনায়ক এখন ৪১-এ, সাকিবের ঠিক ওপরে তামিম ইকবাল। ওয়ানডের মতো টেস্টেও এক নম্বর অলরাউন্ডার হওয়ার দিকে এগোচ্ছেন সাকিব। ২ ধাপ এগিয়ে তিনি এখন তিনে, ওপরে কেবল ক্যালিস ও ভেট্টোরি।