ওয়ানডের ১ নম্বরে চোখ ইংল্যান্ডের
ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১ নম্বর স্থানটি ধরে রেখেছে ভারত। তবে ইংল্যান্ডেরও রেটিং পয়েন্ট তাদের সমান ১১৯। ভারত এগিয়ে ভগ্নাংশের ব্যবধানে। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-০-তে জিততে পারলেই আবার ১ নম্বরে উঠে যাবে ইংল্যান্ড। এর অন্যথা হলে শীর্ষে থাকবে ভারতই।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। কাজেই নতুন প্রকাশিত র্যাঙ্কিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার কোনো সুযোগই ছিল না। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই বাংলাদেশ ৯ নম্বরে। অলরাউন্ডার সাকিব আল হাসানও ধরে রাখতে পেরেছেন তাঁর জায়গা। টেস্ট-ওয়ানডে দুটিতেই অলরাউন্ডার তালিকায় সাকিব আছেন ২ নম্বরে। টেস্টের ১ নম্বর অলরাউন্ডার যথারীতি জ্যাক ক্যালিস, ওয়ানডেতে মোহাম্মদ হাফিজ। টেস্টে যথারীতি শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা, ব্যাটিংয়ে শীর্ষ নাম হাশিম আমলা, বোলিংয়ে ডেল স্টেইন। আমলা ওয়ানডে ব্যাটিংয়েও ১ নম্বরে। তবে ওয়ানডে বোলিংয়ের শীর্ষে সাঈদ আজমল। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ম্যাচটি জিতে টি-টোয়েন্টির ২ নম্বরে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ১ নম্বরে শ্রীলঙ্কা। ভারত ৩ নম্বর আসনটি ধরে রাখলেও ব্যাটিংয়ে বিরাট কোহলি, সুরেশ রায়নাদের দুই ধাপ করে অবনমন হয়ে ৮ ও ৯ নম্বরে। ১ নম্বরে ব্রেন্ডন ম্যাককালাম। বোলিংয়ে ১ নম্বরে সাঈদ আজমল। ওয়েবসাইট।