ওয়ান্ডারার্সের সেই ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০০৭ থেকে ১১ অক্টোবর ২০১১। চার বছর এক মাস! সময়ের ফিতেটা এত লম্বা হলে স্মৃতিতেও একটু ধুলো জমতে পারে। যদিও বাংলাদেশের উচিত নয় স্মৃতিতে ধুলো জমতে দেওয়া। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে চার বছর আগের ওই দিনটি যে ছিল বাংলাদেশের ইতিহাস গড়ার দিন। ওয়েস্ট ইন্ডিজ নামের অজেয় চূড়াটা জেতার দিন। সেই জয়েরও কী মহিমা! একটা নতুন বিশ্বকাপের (টি-টোয়েন্টি) প্রথম ম্যাচেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে পরবর্তী পর্বে পা ফেলা! মোহাম্মদ আশরাফুলের বাংলাদেশ সেদিন ওই কাণ্ড ঘটানোর পর মনে হয়েছিল, এটি চিরজাগরূক থাকবে সত্তায়। স্মৃতির সরণিতে নয়, অনন্ত বহমান সময়ে ‘বর্তমান’ হয়ে। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ খেলে তৃতীয় জয়। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ওটা তো ছিল একটি ছোট দলের শাসক হয়ে ওঠার ইঙ্গিতও। সেই সময়ের দ্রুততম ফিফটি (২০ বলে) করে ২৭ বলে আশরাফুলের ৬১ রান। ৪৯ বলে আফতাবের ৬২, ৬৪ বলে তৃতীয় উইকেটে দুজনের ১০৯ রানের জুটি। ইনিংসের তৃতীয় বলেই সৈয়দ রাসেলের গেইল নামক ‘দৈত্য’ বধ, যিনি মাত্রই আগের ম্যাচে করেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরি (৫৭ বলে ১১৭)। সাকিব আল হাসানের বাঁহাতি স্পিনে এক ওভারে ৩ উইকেট। ১৬৫ রানের লক্ষ্য ২ ওভার বাকি থাকতে ৬ উইকেট অক্ষত রেখেই ছুঁয়ে ফেলা। এত এত মণিমুক্তা ছড়ানো অর্জন চকমকি পাথরের মতো এখনো অন্ধকারে আলো জ্বেলে দেয়। ড্যারেন পাওয়েলের এক ওভারে পর পর দুটি ছক্কাসহ ১৮ রান নিয়েছিলেন আশরাফুল। রবি রামপলের বলে বিস্ময়কর এক ‘স্কুপ’ খেলে যেভাবে রংধনুর রেখা এঁকে পাঠিয়ে দিয়েছিলেন মাঠের বাইরে সেটি এখনো জ্বলজ্বল করে চোখের তারায়।আশরাফুল যদি যেদিন ব্যাট হাতে অবিশ্রান্ত ঝড় হয়ে থাকেন, আফতাব ছিলেন আক্রমণ আর সংযমের যুগলবন্দী। মূলত তাঁদের শতরানের জুটিই ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল রামনরেশ সারওয়ানের দলকে। ম্যাচ হেরে, টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে সারওয়ান সেদিন মেতেছিলেন আশরাফুল-আফতাব স্তুতিতে। চার বছর পর বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সঙ্গে সেই দক্ষিণ আফ্রিকার স্মৃতি জাগিয়ে ওয়েস্ট ইন্ডিজ যখন আরেকটি টি-টোয়েন্টি খেলতে নামছে, আফতাব প্রায় বিস্মৃত চরিত্র। কিন্তু আশরাফুল ওই ম্যাচটাতেই যেন স্মৃতির ধুলো জমিয়ে ফেলেছেন। ‘ওটা এত আগের ম্যাচ, ভালো খেলেছিলাম আমরা, জিতে গেছি। প্রেরণা নেওয়ার কিছু নেই’—ইনডোর থেকে ড্রেসিংরুমে ফেরার পথে বলছিলেন বাংলাদেশের প্রায় সবগুলো বিখ্যাত জয়ের বাঁকে দীর্ঘ ছায়া আঁকা ব্যাটসম্যান। সেই ম্যাচে গেইলকে শূন্যতে ফিরিয়েই বাংলাদেশ বুকের মধ্যে জাগিয়ে তুলেছিল এক টুকরো আশার ‘চর’। গেইল এবার ক্যারিবীয় দলেই নেই! কিন্তু গেইলের থাকা না-থাকা নিয়ে আশরাফুলের ভাবান্তর নেই, ‘যে নেই, তাকে নিয়ে ভেবে লাভ কী? ওদের অন্যরা তো আছে! টি-টোয়েন্টি এমন ম্যাচ, মাঠের পারফরম্যান্সই সব। কাউকে নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই।’ বাংলাদেশ অধিনায়ক সেই ম্যাচের সেরাও হয়েছিলেন। সামনে সেই ওয়েস্ট ইন্ডিজ, ওই ম্যাচের পারফরম্যান্স তাঁকে কি আবারও ভালো খেলতে আত্মবিশ্বাস জোগাচ্ছে না? আশরাফুল ভাবান্তরহীন, পুরোনো স্মৃতির ঝাঁপিতেই রেখে দিতে চান ওই ম্যাচ, ‘না, ও রকম কিছু নয়। কত আগের ঘটনা ওটা।’আশরাফুল ওয়ান্ডারার্সের সেই ম্যাচকে স্মৃতির অতলে সেধিয়ে দিতে চান কেন? হতে পারে, একটা দলীয় উদ্যোগেরই সূত্রধরের কাজ করছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দিগ্ভ্রান্ত বাংলাদেশ হয়তো ওয়েস্ট ইন্ডিজকেই পেতে চাইছে নতুন শুরুর উপলক্ষ হিসেবে!