ওয়ারিয়র্স-চেন্নাই ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতবে কে? সহজ উত্তর, আজ ফাইনালে যে দল জিতবে! ওয়ারিয়র্স বা চেন্নাই সুপার কিংস। নতুন চ্যাম্পিয়ন যারাই হোক, স্বাগতিক দক্ষিণ আফ্রিকানদের আজ জোহানেসবার্গে শুধু দর্শক হয়ে বসে থাকতে হবে না। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে সাউথ অস্ট্রেলিয়া রেডব্যাকসকে ৩০ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকান দল ওয়ারিয়র্স। প্রতিপক্ষ পরশু প্রথম সেমিফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জেতা চেন্নাই সুপার কিংস।ওয়ারিয়র্স আসলে ব্যাটিং করার সময়ই চালকের আসনে বসে পড়েছিল। অধিনায়ক ড্যাভি জ্যাকবসের ৪১ বলে ৬১, সদ্য জাতীয় দলে ডাক পাওয়া ইনগ্রামের ৩৫ বলে ৪৬ এবং নিকি বোয়ের ৭ বলে ২২ রানে ভর করে ৬ উইকেটে ১৭৫ রান তুলেছিল আফ্রিকান দলটি। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপাকে ছিল রেডব্যাকস। ১০ ওভারে ৬০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। এরপর ক্যালাম ফার্গুসনের ৪৯ বলে ৭১ রানের ইনিংস অস্ট্রেলিয়ান দলটিকে স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু ফার্গুসনের বিদায়ের সঙ্গে সঙ্গে কার্যত শেষ হয়ে গেছে রেডব্যাকসের ইনিংস; ৭ উইকেটে ১৪৫ রানে আটকে গেছে তারা। এর আগে পরশু প্রথম সেমিফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫২ রানে হারিয়েছে চেন্নাই। চেন্নাইয়ের কাছে পাত্তাই পায়নি বেঙ্গালুরু। বৃষ্টিবিঘ্নিত ১৭ ওভারের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ৪ উইকেটে করে ১৭৪ রান। দলের এই স্কোরের পেছনে বড় অবদান সুরেশ রায়নার। ৫টি চার ও ৬টি ছয়ে রায়না অপরাজিত ৯৪ রান করেন ৪৮ বলে! জয়ের জন্য ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বেঙ্গালুরুর সামনে লক্ষ্য ছিল ১৭৬ রান। বড় রান তাড়া করতে এসে যখন ভালো একটা শুরুর দরকার ছিল, তখন মাত্র ১২ রানের মধ্যেই অনিল কুম্বলের বেঙ্গালুরু হারিয়ে ফেলে দ্রাবিড়, উথাপ্পা ও টেলরকে। এরপর ম্যাচের ফল কী হতে পারে, সেটা জানার জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি দর্শকদের। ৪ বল বাকি থাকতে বেঙ্গালুরু অলআউট হয়ে গেছে ১২৩ রানে। ক্রিকইনফো।