ওয়ারীতে হোঁচট ব্রাদার্সের
ম্যাচ শেষে ভারতীয় কোচ সৈয়দ নঈমুদ্দিনের প্রথম প্রতিক্রিয়া, ‘বেঁচে গেছি।’ আসলেই কাল বেঁচে গেছে ব্রাদার্স ইউনিয়ন। গ্রামীণফোন ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছে তারা বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরের দল ওয়ারীর সঙ্গে।পছন্দের বিদেশি খেলোয়াড় বাছতে ক্লাব মাঠে হাট বসিয়েছিল ব্রাদার্স। এক ঝাঁক বিদেশির মধ্যে বাছাই করা সেনেগালের হাবিব দিউফ, নাইজেরিয়ার ওলালেকান জোসুয়া, আবোই কাজেম ও অ্যাডামস জাংকাসা স্থানীয় খেলোয়াড়দের চেয়েও বাজে খেললেন। অধিনায়ক তন্ময় হোসেন, অনূর্ধ্ব-১৯ দলের মালেক, অনিকদেরও মাঠে উজ্জ্বল উপস্থিতি ছিল না। সেই তুলনায় বিদেশি ছাড়াই অনেক ভালো খেলেছে ওয়ারী। গোলের কয়েকটি সুযোগ তৈরি করেছে; দুর্ভাগ্য, গোল পায়নি।অথচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বেশ দাপটেই শুরু করেছিল ব্রাদার্স। ১৫ মিনিটে স্ট্রাইকার দিউফ বক্সের মধ্যে বল পেয়েও নিয়ন্ত্রণে রাখতে না পেরে পড়ে যান। এর পর থেকে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে ওয়ারী। ২৯ মিনিটে রাজুর ক্রস থেকে অধিনায়ক শফিকুলের গোলের চেষ্টা কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাদার্সের গোলরক্ষক উত্তম। পরের মিনিটেই শাহিনুরের দূরপাল্লার শট বারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে যেন আরও বেশি আক্রমণাত্মক ওয়ারী। ৫১ মিনিটে জাকিরের ক্রস, বক্সের ভেতরেই দাঁড়ানো শফিকুল মাথা ছোঁয়ালেই চলত। স্রোতের বিপরীতে একটা ভালো সুযোগ পেয়েছিল কমলা দল। ৮৫ মিনিটে জোসুয়া ওলালেকানের শট থেকে ‘গোললাইন সেভ’ করেছেন ডিফেন্ডার মোখলেসুর। গোলরক্ষক শাহিন তখন পোস্ট ছেড়ে এগিয়ে গিয়েছিলেন কয়েক গজ।ব্রাদার্সের সঙ্গে ড্র করে দারুণ খুশি ওয়ারীর ম্যানেজার জামিল নাসের, ‘ছেলেরা প্রত্যাশার চেয়েও অনেক ভালো খেলেছে।’রহমতগঞ্জ-ফরাশগঞ্জ ড্র: বঙ্গবন্ধু স্টেডিয়ামের মতো কমলাপুরে রহমতগঞ্জ-ফরাশগঞ্জ ম্যাচও হয়েছে গোলশূন্য ড্র।