ওয়ার্ন-ওয়াহর মতোই ক্লার্ক-ওয়াটসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরিত্রই বলুন, কিংবা ক্রিকেট অথবা জীবনদর্শন—সবকিছুতেই পুরো উল্টো। মতের অমিল হতো প্রায়ই, বিতর্ক ছিল নিত্য। দুজনের সম্পর্কও খুব ভালো ছিল না। কিন্তু এই দুজনের জুটিই অস্ট্রেলিয়ার সাফল্যপতাকাকে তুলে নিয়েছিল আরও উঁচুতে, দীর্ঘায়িত করেছিল সোনালি সময়। অস্ট্রেলিয়ান ক্রিকেটের সাম্প্রতিক বিতর্কে শেন ওয়ার্নের মনে পড়ছে স্টিভ ওয়াহর সঙ্গে তাঁর জুটির কথা। সেই উদাহরণ টেনে বলছেন ক্লার্ক-ওয়াটসনের দ্বন্দ্বের খবরে খুব বেশি শঙ্কার কিছু নেই। মনে করিয়ে দিয়েছেন বহুপ্রচলিত কথাটি—দলকে সাফল্য এনে দেওয়ার জন্য পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার প্রয়োজন নেই, লক্ষ্যটা এক থাকা জরুরি।ক্ষতিপূরণ চেয়ে আদালতে দাখিল করা নথিতে মিকি আর্থার দাবি করেছেন, ওয়াটসন ও তার দলবলকে দলের জন্য ‘ক্যানসার’ বলেছেন ক্লার্ক। ওয়ার্নের ধারণা, আর্থার অনেকটা বাড়িয়েই বলেছেন, ‘আইপিএলে আমি যখন ওয়াট্টোর অধিনায়ক ছিলাম, আমি ওকে শতভাগ সমর্থন দিয়ে গেছি। ঠিকই ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিল। পাপও (ক্লার্ক) এটাই করে আসছে। তবে আমার মনে হয় লোকে ভুলে যাচ্ছে ওয়াটসনের ব্যাটিং-অর্ডার নিয়ে ওদের মধ্যে বিতর্ক আছে। ওয়াট্টো ওপেন করতে চায়। পাপ চায় মিডল-অর্ডার আরও পোক্ত করতে। আমি নিশ্চিত ব্যাটিং-অর্ডার নিয়ে ওদের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়েছে। এটাই কীভাবে হয়ে গেল ওর পরস্পরকে ঘৃণা করে, সম্পর্ক ভালো না হাবিজাবি। আমার বিশ্বাস, এসব বাড়িয়ে বলা হয়েছে।’ক্লার্ক-ওয়াটসনের ক্ষেত্রে ওয়ার্নের কথা বা মতকে বাড়তি গুরুত্ব দিতেই হবে। ওয়ার্ন দুজনেরই খুব কাছের বন্ধু ও ‘মেন্টর’। কিংবদন্তি স্পিনার নিজেও সেটা মনে করিয়ে দিলেন, ‘দুজনকেই আমি খুব ভালো করে চিনি, দুজনের সঙ্গেই সব সময় কথা হয়। এ জন্যই ওই মন্তব্যকে (আর্থারের) আমি সত্যি মানতে নারাজ। কিছু কিছু ব্যাপারে ওরা হয়তো একমত হতে পারেনি, এমনটা হতেই পারে। সব সময়ই একমত হওয়া জরুরি নয় এবং এর মানে এটাও নয় যে তারা পরস্পরকে পছন্দ করে না।’এর উদাহরণ দিতে গিয়েই ওয়ার্ন টেনে এনেছেন স্টিভ ওয়াহ আর তাঁর সম্পর্কের অতীত। ওয়াহর নেতৃত্বে যে ৩৮টি টেস্ট খেলেছেন, প্রায় সবগুলোতেই ওয়ার্ন ছিলেন সহ-অধিনায়ক। অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজেই (১৯৯৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে) ওয়ার্নকে একটি টেস্ট থেকে বাদ দেন ওয়াহ। বর্তমান বাস্তবতায় ওয়ার্ন ফিরে গেলেন ওই সময়টায়, ‘জিওফ মার্শ (সেই সময়ের কোচ) আমাকে খেলাতে চাইছিলেন, পুরো ব্যাপারটি তাই খানিকটা বিশ্রী রূপ নিয়েছিল। সত্যি বলতে, সময়টা খুব সহজ ছিল না। কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধা আমাদের সব সময়ই ছিল। দৃষ্টিভঙ্গির পার্থক্যও সব সময়ই ছিল—স্টিভ ছিল খুব রক্ষণাত্মক, নেতিবাচক মনোভাবের, সব সময় ভাবত ম্যাচ বাঁচানোর কথা। উইকেটে গিয়ে বোলিং আক্রমণ ছিঁড়েখুঁড়ে খেতে চাইত না, বরং ধীরে ধীরে পিষে ফেলতে চাইত। আমি ছিলাম আক্রমণাত্মক, খেলায় চটকদারি ছিল, ঝুঁকি নিতে চাইতাম। কখনো কখনো সেটা কাজে লাগত। বৈপরীত্য ছিল বলেই অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে আমাদের সময় ছিল সাফল্যময়।’ওয়াটসন এখন আর ক্লার্কের ডেপুটি নেই। তবে সিনিয়র হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা ঠিকই আছে। মূল জায়গাটা এক বলেই দুজনের মতের অমিলকে গুরুত্ব দিতে নারাজ ওয়ার্ন, ‘ব্যাটিং অর্ডার বা এ ধরনের কিছু ব্যাপার নিয়ে দুজনের মতের অমিল আছে। তবে এটা স্বাস্থ্যকর বিতর্ক। দলে নিশ্চয়ই দশটা রোবট কেউ চায় না, যারা শুধু বলবে “ইয়েস মাইকেল, তুমি যা বল”। বরং কারও একজনের বলা উচিত, “আমি একমত নই।” সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক শ্রদ্ধা। এটা থাকলে মতের অমিল থাকা এমন কোনো সমস্যা নয়।’ ওয়েবসাইট।