ওয়ার্ন কোচ হবেন, হবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ হিসেবে নিজের যোগ্যতা শেন ওয়ার্ন দেখিয়ে দিয়েছেন প্রথম আইপিএলে। নিতান্তই সাদামাটা একটা দলকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন ওই আসরে কোচ কাম অধিনায়কের ভূমিকায় খেলা এই অস্ট্রেলীয়। ওয়ার্ন নাকি আরও চ্যালেঞ্জ নিতে চান। কোচ হতে চান ভারতের!এমন খবরই দিয়েছিল ভারতীয় দৈনিক ডেইলি মেইল। এই কিংবদন্তি লেগ স্পিনারকে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছিল, গ্যারি কারস্টেনের উত্তরসূরি হতে ওয়ার্ন রাজি আছেন, ‘ভারতের কোচ হওয়া মানে খুবই কঠিন একটা দায়িত্ব। মোটেও সহজ নয়। কিন্তু ভারত যেহেতু এখন ভালো করছে, এখন দায়িত্ব নেওয়াটা অনেক সহজই হবে। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করাটা আমি অবশ্যই উপভোগ করব।’তবে কারস্টেন তিন বছরে যে সাফল্য পেয়েছেন, সেটি নতুন কোচের জন্য চ্যালেঞ্জও। ভারতকে শুধু বিশ্ব চ্যাম্পিয়নই নয়, টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলও বানিয়েছেন। বিদেশের মাটিতেও নিজেদের নড়বড়ে রেকর্ডটা এখন অনেকটাই শক্তপোক্ত করে ফেলেছে ভারত। ওয়ার্নও তাই মানছেন, ‘কারস্টেন খুবই উঁচু ব্যক্তিত্বের। তার শূন্যস্থান পূরণ করা আসলেই দুঃসাধ্য। ও আসলেই দুর্দান্ত এক কোচ।’ওয়ার্ন ভারতের কোচ হতে চান—এটা অবশ্যই বড় খবর। স্বাভাবিকভাবেই দ্রুতই ছড়িয়ে পড়েছিল সবগুলো সংবাদমাধ্যমে। কিন্তু টুইটার বার্তায় ওয়ার্ন বলেছেন, পত্রিকাটিকে এ ধরনের কোনো কথাই নাকি তিনি বলেননি। ‘কেউ একজন আমাকে বলল, আমি নাকি ভারতের কোচ হতে চাইছি। আমি নিজে প্রথম এটা শুনলাম। আপনাদের হতাশ করতে খারাপ লাগছে। কিন্তু সত্যিটা হলো, আমি এ ধরনের কথা বলিনি’—টুইটারে লিখেছেন ওয়ার্ন।খবরটা প্রথম প্রথম শোনার পর অনেকেরই সন্দেহ হচ্ছিল। ওয়ার্নের যে চরিত্র, তাতে ভারতের কোচ হওয়ার মতো ঝামেলা কাঁধে নেওয়ার কথা নয়। তা ছাড়া কোচ-প্রথায় খুব একটা আস্থাও তাঁর কখনোই ছিল না। জাতীয় দলের জন্য কোচের দরকার নেই—এই কথা সময় পেলেই জানিয়ে দিয়েছেন। অস্ট্রেলিয়ার তখনকার কোচ জন বুকাননের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল অম্লমধুর। জাতীয় দলে কোচের চেয়ে একজন প্রেরণাদাতা বেশি দরকার বলে মনে করেন তিনি। কারস্টেনের ভূমিকাটাও অবশ্য অনেক সময়ই কোচের চেয়ে বড় ছিল প্রেরণাদাতার। ভারতের কোচ কে হয়—সেটি নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে। সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে। তবে এটা নিশ্চিত, ভারত কারস্টেনের একজন কার্বন কপিই খুঁজে বের করার চেষ্টা করবে। এ ব্যাপারে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারেন সুনীল গাভাস্কার। পূর্বাভিজ্ঞতাহীন কারস্টেনকে কোচ বানানোর পেছনে বড় ভূমিকা ছিল গাভাস্কারের। এএফপি, ওয়েবসাইট।