ওয়ার্ন ফিরছেন!
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর জাদু সর্বশেষ দেখা গেছে চার বছর আগে। এর পরও ২২ গজে দুর্বোধ্য সব ‘ঘূর্ণিঝড়’ তুলেছেন শেন ওয়ার্ন। সেটি রাজস্থান রয়্যালসের হয়ে। গত মে মাসে আইপিএল শেষ করেই বলেছিলেন, আর নয়। সব ধরনের ক্রিকেটকেই এবার বিদায়।মন অনেকেরই খারাপ হয়েছিল। কিন্তু তাদের জন্য সুসংবাদ আছে। ৪২ বছর বয়সী এই অস্ট্রেলীয় কিংবদন্তিকে হয়তো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে দেখা যাবে আবার। এখনো চূড়ান্ত না হলেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে ওয়ার্নের ফেরাটা একরকম নিশ্চিতই বলা যায়। বেশ কয়েকটি দলের সঙ্গে চলছে আলাপ-আলোচনা।ডিসেম্বরে শুরু হচ্ছে আইপিএলের আদলে নগরভিত্তিক আট দলের এই টুর্নামেন্ট। অস্ট্রেলিয়ার দুটি দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড ও মেলবোর্ন এজ খবর দিয়েছে, এই টুর্নামেন্টে দেখা যেতে পারে ওয়ার্নকে। নিজের শহর মেলবোর্নেরই দল মেলবোর্ন স্টারসের হয়ে খেলার সম্ভাবনাই বেশি। স্টারসের প্রধান নির্বাহী ক্লিন্ট কুপার জানিয়েছেন, ‘শেন ওয়ার্নের এজেন্টের কাছ থেকে পাওয়া তথ্যে আমরা বুঝতে পেরেছি তিনি এ মুহূর্তে কয়েকটি দলের প্রস্তাব বিবেচনা করছেন। এর মধ্যে মেলবোর্ন স্টারসও আছে।’ওয়ার্নের এজেন্ট জেমস এরস্কাইন বলেছেন, ওয়ার্ন এখনো খেলার মতো যথেষ্ট ফিট। শেষ পর্যন্ত যদি খেলেন, চ্যানেল নাইনে ধারাভাষ্য দেওয়া থেকে এক বছরের ছুটি নেবেন। এএফপি।