ওয়ার্ন-হার্লির আংটিবদল
লিজ হার্লি এখন আর শেন ওয়ার্নের প্রেমিকা নন। না, আরও একবার সম্পর্ক ভাঙার খেলার মেতে ওঠেননি এই তারকা জুটি। প্রেমিক-প্রেমিকা সম্পর্ক ছাড়িয়ে তাঁরা বরং এখন হবু স্বামী-স্ত্রী। দুই সপ্তাহ আগে বাগদান হয়ে গেছে তাঁদের।সপ্তাহের শুরুর দিকেই দ্য ডেইলি মেইল প্রথম জানায় ওয়ার্ন-হার্লি জুটির বাগদানের খবর। পত্রিকাটি দাবি করে, স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুসের বিলাসবহুল হোটেল ‘ওল্ড কোর্সে’ এক রোমান্টিক ডিনার শেষে ওয়ার্নই হার্লিকে প্রথম প্রস্তাব করে। হার্লি সম্মতি দিলে উপস্থিত অভিজাত অতিথিদের সামনে ওয়ার্ন হার্লির অনামিকায় ৩০ হাজার পাউন্ডের হীরার আংটি পরিয়ে দেন। রাজকুমার চার্লস প্রিন্সেস ডায়ানাকে যে আংটি দিয়েছিলেন, হার্লিকে দেওয়া ওয়ার্নের আংটিটি সেটিকেও ছাড়িয়ে গেছে।টুইটারে ওয়ার্নও সমর্থকদের কাছে খবরের সত্যতা স্বীকার করেছেন। অভিনন্দনের জন্য সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন প্রো-অ্যাম গলফ টুর্নামেন্ট খেলতে বর্তমানে স্কটল্যান্ডে থাকা ওয়ার্ন। ১০ মাসের প্রেমকে মর্যাদা দিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্ন। হার্লির সঙ্গে সম্পর্ক গড়তে গিয়ে ওয়ার্ন গত বছর সাবেক স্ত্রী সিমোন কালাহানের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন, আর হার্লি গত জুনে ডিভোর্স দিয়েছেন সাবেক স্বামী ভারতীয় ব্যবসায়ী অরুণ নায়ারকে। ঘটনাটি সত্য বলে জানিয়েছে ওয়ার্ন-হার্লির ঘনিষ্ঠ এক সূত্রও। তবে ওল্ড কোর্স হোটেলের মুখপাত্র বিষয়টা অস্বীকার করেছে। এখন বিশ্বাস করা না-করা আপনার ব্যাপার। ওয়েবসাইট।