ওয়ার্নকে কাদিরের ‘স্যালুট’
বিদায়বেলায় অনেক প্রশংসাই পাচ্ছেন শেন ওয়ার্ন। তবে ‘স্যালুট’ মনে হয় পাননি। এবার সেটিও পেলেন। ‘স্যালুট’ যিনি জানিয়েছেন, তিনিও একজন কিংবদন্তি। ওয়ার্নের আবির্ভাবের আগে বিশ্ব ক্রিকেটে লেগ স্পিন জাদু ছিল যাঁর হাতে, সেই আবদুল কাদির! ‘স্যালুট’ জানিয়ে পাকিস্তানি স্পিন কিংবদন্তি ওয়ার্নকে বলেছেন ‘ডায়মন্ড।’আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কালকের ম্যাচটিই ছিল প্রতিযোগিতামূলক ক্রিকেটে ওয়ার্নের শেষ ম্যাচ। বিদায়বেলায় অনেক প্রশংসার পাশে ওয়ার্নের সঙ্গী বিতর্কও। তবে কাদিরের কাছে মাঠের ভেতরে-বাইরে সব জায়গাতেই ওয়ার্ন দারুণ এক খেলোয়াড়, ‘আমার কাছে ওয়ার্ন মানুষ হিসেবে দুর্দান্ত, ক্রিকেটার হিসেবে গ্রেট। গ্রেট শব্দটা আমি মাত্র কয়েকজনের ক্ষেত্রেই ব্যবহার করি, যেমন ওয়ার্ন ও টেন্ডুলকার। বল হাতে ওর স্কিল যেমন, আমার মতে ও ছিল একটা ডায়মন্ড। ওকে স্যালুট জানাই। ওর বিদায়ে আমার খুবই খারাপ লাগছে, কারণ ওর বোলিংয়ে আমি নিজেকেই খুঁজে পেতাম।’৬৭ টেস্টে ২৩৬ উইকেট নেওয়া কাদিরকে এক অর্থে ওয়ার্নের গুরুও বলা যায়। ওয়ার্নের গুরু বললে টেরি জেনারের নামটাই সবার আগে আসে। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে কাদিরের টিপসও অনেক সাহায্য করেছে ওয়ার্নকে। কাচের ওপর বল ঘুরিয়ে কাদির তাঁকে কীভাবে চমকে দিয়েছিলেন, সেই গল্প ওয়ার্ন নিজেই বলেছেন অনেকবার। ওয়ার্নের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মৃতিকাতর করল কাদিরকে, ‘ওর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই দারুণ স্মরণীয়। ও সব সময়ই আমাকে অনেক শ্রদ্ধা করত। ১৯৯৫ সালে লাহোরে আমার বাড়িতে ও যখন দেখা করতে এল, দিনটা কখনোই ভুলব না। আমার কাছে ও কিছু টিপস চেয়েছিল। সেই সময় এবং পরে যখনই আমি কিছু বলেছি, ও শ্রদ্ধাভরে শুনেছে। সব সময়ই একজন শিক্ষক, একজন সাবেক লেগ স্পিনারের সম্মানটা আমি সব সময়ই ওর কাছ থেকে পেয়েছি। ওর ভবিষ্যৎ জীবনের জন্য থাকল শুভকামনা।’ ওয়েবসাইট।