ওয়ার্নকে চান ম্যাকগিল!
বাতাসে কথাটা ছেড়ে দিয়েছেন শেন ওয়ার্নই। এখন তা সমর্থনও পাচ্ছে বেশ। ওয়ার্নের কারণেই যাঁর ক্যারিয়ার বিকশিত হতে পারেনি, অস্ট্রেলিয়ার সাবেক সেই লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল যেমন চাইছেন ওয়ার্ন টেস্ট দলে ফিরুন। তবে এটাও বলেছেন, পাঁচ দিনের ম্যাচ খেলার স্ট্যামিনা যে আছে, সেটার প্রমাণ দিয়েই যেন ফেরেন লেগ স্পিনের জাদুকর।এ মাসের শুরুতে শেন ওয়ার্ন বলেছিলেন, অধিনায়ক মাইকেল ক্লার্ক প্রয়োজন মনে করলে আগামী বছর অ্যাশেজ সিরিজ খেলার ব্যাপারটি গুরুত্ব দিয়ে ভাববেন তিনি। তবে পরে এ নিয়ে ওয়ার্ন ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের কাছে। ৪৩ বছর বয়সে অস্ট্রেলিয়া দলে কি ফেরা যায়! পার্থ টেস্টে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের হাতে অস্ট্রেলিয়ান বোলারদের নাকাল হতে দেখেই টুইটে ও রকম একটা কথা লিখে ফেলেছিলেন। তবে ওয়ার্ন যতই কৌতুক করে কথাটা বলে থাকুন না কেন, দলে ভালো স্পিনারের অভাব এর পর থেকেই আলোচনায় রেখেছে ওয়ার্নের ইচ্ছাটাকে। এবার ম্যাকগিলও অস্ট্রেলিয়ার সান হেরাল্ড পত্রিকাকে বলেছেন, ‘আমি তাকে খেলাতাম। কিন্তু প্রশ্ন হলো, তাকে কি আসলেই দলে নেওয়া হবে? কোনো নির্বাচক যদি বলে, উচিত হবে না, আমি তাদের নিয়ে হাসব।’ এএফপি।