ওয়ার্নকে ৫০ হাজার ডলার জরিমানা
এই বছরই আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন শেন ওয়ার্ন। কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারের মতো আইপিএল-অধ্যায়ও বিতর্কে জড়িয়েই শেষ হলো এই অস্ট্রেলিয়ান কিংবদন্তির। রাজস্থান রয়্যালসের সেক্রেটারি সঞ্জয় দীক্ষিতের সঙ্গে বাজে ব্যবহার করার দায়ে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে তাঁকে।১১ মে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে লজ্জাজনক হারের পর থেকেই রাজস্থান কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল ওয়ার্নের। মনমতো পিচ প্রস্তুত না করার জন্য সেক্রেটারি সঞ্জয় দীক্ষিতকে মিথ্যাবাদী, অহংকারী বলে সম্বোধন করেছিলেন এই লেগ স্পিনার। এর পরই রাজস্থান কর্তৃপক্ষের রোষানলে পড়েন তিনি।কোচ ও অধিনায়ক হিসেবে প্রথম আসরেই শিরোপা জিতে আইপিএলের শুরুটা খুব ভালোভাবেই করেছিলেন ওয়ার্ন। কিন্তু শেষটা একেবারেই ভালোভাবে করতে পারলেন না এই অসি কিংবদন্তি। আইপিএলের এবারের আসরে ১৩ ম্যাচ শেষে রাজস্থানের অবস্থান ৭ নম্বরে। আগামী ২০ মে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে আইপিএলের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন ওয়ার্ন। টাইমস অব ইন্ডিয়া।