ওয়ার্নার আছেন আগের মতোই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেও যা ছিল কল্পনাতীত, সেটাই এখন বাস্তব। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ডেভিড ওয়ার্নার এখন অস্ট্রেলিয়ার এক নম্বর টেস্ট ওপেনার। শেফিল্ড শিল্ডে দারুণ খেলে ঢুকেছেন টেস্ট দলে, জায়গা পাকা করতেও সময় নেননি। তবে অনেক পরিণত হলেও নিজের ব্যাটিং-দর্শন পাল্টাননি। বাঁহাতি ওপেনারের কাছে ক্রিকেট বল এখনো শুধু মারার জিনিস। জায়গামতো পেলে ছাড় নেই!তিন বছর আগে ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়ে অভিষেক ওয়ার্নারের। মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে করেছিলেন ৪৩ বলে ৮৯ রান। ওই বছরই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। তবে ক্রমেই হয়ে ওঠেন টি-টোয়েন্টির হটকেক। শেফিল্ড শিল্ডে অস্ট্রেলিয়া দলে মাত্রই নিয়মিত হতে পেরেছেন গত মৌসুমে। ওই মৌসুমের দারুণ পারফরম্যান্সই তাঁকে জায়গা করে দেয় টেস্ট দলে। দ্বিতীয় টেস্টেই আদ্যন্ত ব্যাটিং, পঞ্চম টেস্টে ১৮০ রানের ইনিংস। ওয়ার্নার এখন তিন ধরনের ক্রিকেটেই অস্ট্রেলিয়ার প্রথম পছন্দ।টেস্টেও খেলেছেন নিজের মতো, স্ট্রাইক রেট ৭১. ৪২। তবে আগের চেয়ে যে অনেক পরিণত, এটা প্রায়ই ফুটে ওঠে ওয়ার্নারের ব্যাটিংয়ে। ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ টেস্টে তো ৫০ করলেন ১৩৬ বলে! তাই বলে ভাববেন না, নিজেকে বদলে ফেলেছেন ওয়ার্নার। ডমিনিকার উইকেট কঠিন ছিল বলেই অমন অচেনা ওয়ার্নার, ‘খেলাটা যদি ওয়াকায় হতো, আর আমি ১৩৬ বল খেলতাম, নিশ্চিত থাকতে পারেন আমার সেঞ্চুরি হয়ে যেত। কিন্তু ডমিনিকার ওই ম্যাচে উইকেট ও পরিস্থিতিই আসলে ওই ধরনের ব্যাটিং দাবি করছিল।’ওই ব্যাটিং আর এই ব্যাখ্যা, দুটিই বলে দিচ্ছে ওয়ার্নার এখন কতটা পরিণত। তবে এই পরিমিতিবোধ যে ব্যাটিং-দর্শন পাল্টে দেয়নি, সেটাও নিশ্চিত করেছেন, ‘টেস্ট ক্রিকেট কিন্তু ব্যাটসম্যান হিসেবে আমাকে পাল্টে দেয়নি। বল ঠিকমতো দেখতে পেলে আমি মারবই। যদি আমার জায়গায় বল থাকে, শট খেলবই। আমার দর্শন এখনো আগের মতোই।’ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলে এলেন, শেষ টেস্টেই অমন সহজাত ধারার উল্টো ব্যাটিং। আজই আবার নেমে পড়ছেন ‘ধরো তক্তা মারো পেরেক’ ঘরানার টি-টোয়েন্টি ক্রিকেটে। এবারের আইপিএল আজই প্রথম ম্যাচ খেলবেন দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে। দর্শন যেহেতু পাল্টায়নি, ওয়ার্নার বলছেন, মানিয়ে নিতেও সমস্যা হবে না, ‘লোকে টি-টোয়েন্টিকে শুধু ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের খেলা মনে করে, যেন প্রতি বলেই চার-ছয় মারতে হবে। টি-টোয়েন্টি আসলে কৌশলের খেলা। ১২০ বল মানে ১২০টি লড়াই। চেষ্টা করতে হবে প্রতি লড়াইয়েই বোলারকে পরাস্ত করতে, প্রতি বলেই রান করতে। আমি সেটাই করার চেষ্টা করি। আর টেস্ট ক্রিকেটে মারার জন্য সঠিক বলটা বাছাই করতে হয়। এই তো! এখন টি-টোয়েন্টিতে ফিরেছি, আমি বরাবরের মতো নিজের সহজাত খেলাটাই খেলার চেষ্টা করব।’ ওয়েবসাইট।