ব্যাট হাতে শেষবারের মতো মাঠে নামার সময় গ্রায়েম স্মিথ জানতেন, টেস্টটা বাঁচাতে হলে সতীর্থদের নিয়ে পাহাড় টপকাতে হবে তাঁকে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিকলেন কেবল মিনিট পনেরো, খেললেন সাকল্যে তিনটি বল। আরও একবার জনসনের বলে ডুলানের হাতে ক্যাচ দিয়ে যখন ফিরে যাচ্ছেন, নামের পাশে ৩ রান!
তার আগেই আলভিরো পিটারসেন আর পরে ডিন এলগারও ফিরে যাওয়ায় কিছুক্ষণের মধ্যে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ১৫! কেপটাউনে দ্বিতীয় ইনিংসে ৫১১ তাড়া করে জয়ের দুঃসাহস হয়তো দক্ষিণ আফ্রিকাও করেনি, তবে ড্রয়ের আশাও প্রায় শেষ হয়ে গিয়েছিল তখনই। পরে ফিরে গেছেন হাশিম আমলাও। দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৭১। অলৌকিক কিছু না ঘটলে প্রায় পাঁচ বছর পর দেশের মাটিতে সিরিজ হারছে দক্ষিণ আফ্রিকা।
এর আগের গল্পটা শুধুই ডেভিড ওয়ার্নারের। প্রথম ইনিংসে ১৩৫ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন। কিন্তু কাল দ্বিতীয় ইনিংসে ছাড়িয়ে গেলেন নিজেকেই। বিনা উইকেটে ২৭ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া যে শেষ পর্যন্ত ৫ উইকেটে ৩০৩ রানে ইনিংস ঘোষণা করেছে, তাতে ওয়ার্নারের অবদান ১৫৬ বলে ১৪৫। তথ্যসূত্র: ক্রিকইনফো।