ওয়ার্নারের আত্মোপলব্ধি
আগুনে পুড়ে খাঁটি হয় সোনা। ডেভিড ওয়ার্নার কতটা ‘খাঁটি’ হয়েছেন, উত্তর মিলবে সময়ে। তবে আত্মোপলব্ধি অন্তত হয়েছে। হিতাহিত জ্ঞান হারিয়ে ঘুষি বসিয়েছিলেন জো রুটের চোয়ালে। চপেটাঘাত খেয়ে তবেই ফিরেছে হুঁশ। ওয়ার্নার এখন নিজেই বলছেন, দল থেকে বাদ পড়াটা নাকি দরকার ছিল। জেগে ওঠার জন্য প্রয়োজন ছিল ‘পশ্চাদ্দেশে এমন একটা লাথি!’অ্যাশেজে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের ওপেনার ছিলেন ওয়ার্নার। অথচ প্রথম দুই টেস্টে পানি-তোয়ালে টেনে আর দর্শক হয়েই কেটেছে সময়। গতকাল থেকে অস্ট্রেলিয়া যখন সাসেক্সের সঙ্গে খেলছে প্রস্তুতি ম্যাচ, ওয়ার্নার অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলছেন দক্ষিণ আফ্রিকায়। রুটকে ঘুষি মারার প্রাথমিক শাস্তি ছিল অ্যাশজের প্রথম টেস্ট পর্যন্ত বহিষ্কার। পরে আরও বেড়েছে শাস্তি, আপাতত ছিটকে গেছেন দল থেকেই।তবে প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১৯৩ রানের ইনিংস আবারও আলোচনায় এনেছে ওয়ার্নারকে। অ্যাশেজে যেখানে খাবি খেতে হচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের, শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ওয়ার্নারের ইনিংসটা এসেছে একটা শুভ বার্তা নিয়ে। ১ আগস্ট ওল্ড ট্রাফোর্ডে শুরু হতে যাওয়া টেস্টেই তাঁকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ব্যাটিং নয়, তাঁকে নিয়ে মূল সমস্যা তো আচরণে! আপাতত সেখানেও বদলের ইঙ্গিত ওয়ার্নারের স্বীকারোক্তিতে, ‘বাইরে বসে থাকা এবং শাস্তি পাওয়ার মতো কিছুই আমার প্রয়োজন ছিল। পশ্চাদ্দেশে এমন একটা লাথির প্রয়োজন ছিল নিশ্চিতভাবেই। আমার নিজের দোষেই ওই ঘটনা ঘটেছে।’ অ্যাশেজ স্কোয়াড থেকে ‘এ’ দলের উদ্দেশে উড়াল দেওয়ার আগেও অবশ্য দোষ স্বীকার করেছিলেন ওয়ার্নার। প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজেকে শুধরে ফেলার।রুট-কাণ্ডে দলে শুধু জায়গাই হারাননি, ঘুরে গেছে ক্যারিয়ারের গতিপথও। ক্রিস রজার্সের সঙ্গে শেন ওয়াটসন ওপেনিংয়ে ফেরায় ওয়ার্নারকে এখন জায়গা খুঁজতে হচ্ছে মিডল অর্ডারে। ‘এ’ দলের হয়ে খেলছেন চার নম্বরে। খেলেছেন অবশ্য নিজের মতোই, ১৯৩ করেছেন ২২৬ বলে। তবে রান বা বল সংখ্যার চেয়ে ওয়ার্নারকে বেশি তৃপ্তি দিচ্ছে শোয়া পাঁচ ঘণ্টা উইকেটে কাটানো, ‘নিজেকে আমি লক্ষ্য বেঁধে দিয়েছিলাম অন্তত তিন ঘণ্টা উইকেটে থাকার। চেষ্টা করেছি শুরু থেকেই ইতিবাচক থাকার, মারার বল পেলে মেরেছি। প্রায় ৪০ দিনের মতো হয়ে গিয়েছিল আমি কোনো ম্যাচ খেলিনি। ‘এ’ দলের হয়ে খেলার সুযোগ দেওয়াটাকে তাই নিজের সৌভাগ্য মনে করছি।’সেই সৌভাগ্যকে কাজে লাগিয়ে এখন দলে ফেরার দ্বারপ্রান্তে ওয়ার্নার। ওয়েবসাইট।