ওয়ার্নারের জবাবে ডোমিঙ্গো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এদিকে মিচেল জনসন, ওদিকে ডেল স্টেইন। একবার অস্ট্রেলিয়ার জয়, আরেকবার দক্ষিণ আফ্রিকার। গতির সঙ্গে গতির লড়াইয়ে টেস্ট ক্রিকেট পেয়েছে নতুন মাত্রা। কিন্তু মাঠের এই লড়াই এবার উত্তাপ ছড়াল মাঠের বাইরেও। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে এবি ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে বল বিকৃত করার অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডোমিঙ্গোও। তাঁর দাবি, অনেক দিন পর টেস্ট হারের যন্ত্রণা সহ্য করতে পারছে না বলেই এখন অস্ট্রেলিয়ার কাছে ‘আঙুর ফল টক’ মনে হচ্ছে!
পোর্ট এলিজাবেথের দ্বিতীয় ইনিংসে ৪৪৮ রান তাড়া করতে নেমে একসময় অস্ট্রেলিয়ার রান ছিল বিনা উইকেটে ১২৬। সেখান থেকে আর মাত্র ৯০ রানের মধ্যে ১০ উইকেট হারায় তারা। পুরোনো বলে বিধ্বংসী হয়ে ওঠেন ডেল স্টেইনরা। দক্ষিণ আফ্রিকান বোলারদের অতিরিক্ত রিভার্স সুইং পাওয়ার পেছনে উইকেটকিপার ডি ভিলিয়ার্সের কারসাজি আছে বলে পরশু স্কাই স্পোর্টস রেডিওর কাছে এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন ওয়ার্নার। তাঁর দাবি, ‘প্রতিটি বলের পর ডি ভিলিয়ার্স কেন নিজের গ্লাভস দিয়ে বলের খসখসে দিকটা ঘষছিলেন তা দেখতে হবে।’ রিভার্স সুইং পেতে ঘষে বলের মসৃণতা নষ্ট করাটা নাকি একটা প্রচলিত প্রথা—এটা স্বীকার করে নিয়েই ওয়ার্নার বলেন, ‘আমরা এবং সব দলই তা করে থাকে। যে দল এভাবে তাড়াতাড়ি বল রিভার্স সুইংয়ের উপযোগী করে নিতে পারে, সেই দল তত লাভবান হয়।’
এমন অভিযোগে স্বভাবতই খেপেছেন দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডোমিঙ্গো। অস্ট্রেলিয়াকে পাল্টা কথার তিরে বিদ্ধ করতে ভোলেননি তিনি, ‘বুঝতে পারছি ওদের কাছে আঙুর ফল টক লাগছে। কিংবা এমনও হতে পারে কেপটাউনে লড়াইয়ে নামার আগে তারা আমাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে চাইছে।’ রয়টার্স, ওয়েবসাইট।