ওয়ার্নারের জায়গায় খাজা
বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এ কারণে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে উসমান খাজাকে। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ বুধবার এ খবর জানিয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, পার্থে নেটে ব্যাট করার সময় মিচেল জনসনের একটি বল ওয়ার্নারের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে গিয়ে লাগে। এ আঘাতই আগামী শুক্রবার ও রোববার অনুষ্ঠেয় ম্যাচ থেকে ছিটকে দিয়েছে তাঁকে।অস্ট্রেলিয়া দলের ফিজিওথেরাপিস্ট কেভিন সিমস জানিয়েছেন, ওয়ার্নারের চোট ততটা গুরুতর নয়। তবে তাঁকে অন্তত দুই ম্যাচ মাঠের বাইরে কাটাতে হবে। পর্যবেক্ষণের পর আমরা সিদ্ধান্ত নেব, সিরিজের বাকি ম্যাচগুলোতে ওয়ার্নার খেলতে পারবেন কি না।উসমান খাজার ওয়ানডে অভিষেক গত ১১ জানুয়ারি। এ পর্যন্ত ওই একটি ওয়ানডেতেই অংশ নিয়েছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। ২৬ বছর বয়সী খাজা ছয়টি টেস্টে অংশ নিয়েছেন।পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা টি-টোয়েন্টি ম্যাচেও অংশ নেবে অস্ট্রেলিয়া। এর পর চার টেস্টের সিরিজে অংশ নিতে ভারত সফরে যাবে অসিরা। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মাঠে গড়াবে ২২ ফেব্রুয়ারি।