ওয়ার্নারের ঝোড়ো সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্নার উড়ছেন। কেপটাউন টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ান ওপেনার করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি  এএফপি
ওয়ার্নার উড়ছেন। কেপটাউন টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ান ওপেনার করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি এএফপি

অ্যাশেজের অবিশ্বাস্য ফর্মটা ডেভিড ওয়ার্নার টেনে এনেছেন দক্ষিণ আফ্রিকাতেও। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে করেছিলেন সেঞ্চুরি। পোর্ট এলিজাবেথে সেঞ্চুরি পাননি, তবে হাফ সেঞ্চুরি করেছেন দুই ইনিংসেই (৭০ ও ৬৬)। কেপটাউন টেস্টের আগে তো তাঁকে তাতিয়ে দিয়েছিল অন্য একটা ঘটনাও। দ্বিতীয় টেস্টে ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ এনে নিজেই জরিমানা গুনেছেন। তিরস্কৃত হয়েছেন নিজেদের ড্রেসিংরুমেও। তার জবাবটা কী দারুণভাবেই না দিলেন ওয়ার্নার!
নিজে করেছেন সপ্তম সেঞ্চুরি। সিরিজ নির্ধারণী টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথম দিনেই বসিয়েছেন চালকের আসনে। দিন শেষে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৩৩১।
ক্রিজ রজার্স দিনের শুরুটা করেছিলেন ডেল স্টেইনের প্রথম ওভারেই দুটি চার মেরে। এরপরই ২২ গজে কর্তৃত্বটা নিয়ে নেন ওয়ার্নার। রজার্স-ডুলান-ক্লার্ক তিনজনের সঙ্গেই গড়েছেন হাফ সেঞ্চুরি জুটি (৬৫, ৭৩ ও ৭৯)। ৫০ বলে হাফ সেঞ্চুরি ও ১০৪ বলে সেঞ্চুরি ছোঁয়া ওয়ার্নার চা-বিরতির পর ডুমিনির বলে আউট হওয়ার আগে করেছেন ১৫২ বলে ১৩৫ রান। সেঞ্চুরির অপেক্ষায় আছেন ক্লার্কও। দিন শেষে অস্ট্রেলিয়ান অধিনায়ক ব্যাট করছেন ৯২ রানে, স্মিথ ৫০ রানে। দক্ষিণ আফ্রিকানদের জন্য আরও একটা দুঃসংবাদ, ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে চা-বিরতির আগেই মাঠ ছেড়ে যান স্টেইন। দিনের বাকি সময়ে আর মাঠেই নামেননি। আজ ফিরতে পারবেন কি না, নিশ্চিত নয়। তথ্যসূত্র: ক্রিকইনফো।