ওয়ার্নারের পাল্টা আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ চেয়েছেন ফিফার নির্বাহী কমিটির ছয় সদস্য—এই অভিযোগ করে শোরগোল ফেলে দিয়েছেন এফএর (ইংলিশ ফুটবল সংস্থা) সাবেক প্রধান ডেভিড ট্রাইজম্যান। কাল ফিফা এই অভিযোগ সম্পর্ক প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে। ট্রাইজম্যানের অভিযোগকে সর্বৈব মিথ্যা বলে কোনো বক্তব্য কিন্তু দেওয়া হয়নি। তবে ফিফার মহাসচিব জেরম ভালক প্রশ্ন তুললেন, ‘এই অভিযোগ আগেও করা যেত। যদি তাঁরা সব জানতেনই, তা হলে আগে কেন সেটি আমাদের দৃষ্টিগোচর করা হয়নি? কেন আমাদের অবহিত করা হলো না আগেই?’ভালকের প্রশ্নে ফিফার ভোটাভুটির রাজনীতির গন্ধ। আর তিন সপ্তাহ পরই ফিফার কংগ্রেস। যেখানে আরেক মেয়াদে ফিফা-প্রধান হওয়ার জন্য ভোটযুদ্ধে নামছেন সেপ ব্ল্যাটার। এমন সময়ে ইংল্যান্ডের পক্ষ থেকে ফিফার চার প্রভাবশালী সদস্যের বিরুদ্ধে ‘উপঢৌকন’ চাওয়ার অভিযোগ আনা হলো। পরশু ব্রিটেনের সংসদীয় তদন্ত কমিটির কাছে ট্রাইজম্যান বলেছেন, জ্যাক ওয়ার্নার, রিকার্ডো টিসেরা, নিকোলাস লেওজ এবং ওরাউই মাকুদি ভোটের বিনিময়ে তাঁর কাছে বিভিন্ন সুযোগ-সুবিধা দাবি করেছিলেন। ফিফার সহসভাপতি ওয়ার্নার এই অভিযোগ হেসেই উড়িয়ে দিয়েছেন। তাঁর প্রশ্নও ভালকের মতো, ‘প্রথমে এই কথা শোনার পর আমার তো হেসেই খুন হওয়ার দশা। কারণ আমি ২৫ লাখ পাউন্ড চেয়েছি, এই তথ্য জানাতে তাদের সেই ডিসেম্বর থেকে এত দিন সময় লাগল!’ একটা যুক্তিসংগত পাল্টা প্রশ্নও করেছেন তিনি, ‘ফিফার নির্বাহী কমিটিতে ২৪ জন সদস্য। এর মধ্যে একজন ইংল্যান্ডেরই, সাতজন (ইংল্যান্ডের প্রতিবেশী) ইউরোপের। ধরে নিলাম বাকি ১৬ জন সদস্য বাজে লোক, তার পরও ইংল্যান্ডের বেশ কয়েকটি ভোট পাওয়ার কথা। কিন্তু ওরা কেন মাত্র একটি ভোট পেল? ইউরোপের একজনও কেন তাদের ভোট দিল না?’ একের পর এক ‘কথিত অভিযোগ’ তুলে এফএ থেকে ট্রাইজম্যান সরে যেতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেছেন ওয়ার্নার। বলেছেন, ‘ফিফার কেউই তাঁর কথা গুরুত্বের সঙ্গে নেয় না।’ফিফা না নিক, ব্রিটিশ পত্রপত্রিকাগুলো নিয়েছে। ইংল্যান্ডের বিশ্বকাপ আয়োজক হতে না-পারার শোকও আরেকবার উথলে উঠেছে। পত্রপত্রিকাগুলোতে তারই প্রতিফলন। ফিফাকে ‘নোংরা’ ‘ভেতরে ঘুণ পোকায় খেয়ে ফেলা’ একটি সংস্থা হিসেবেও দেখা হচ্ছে। এদিকে অস্ট্রেলিয়া বলেছে, সানডে টাইমস-এর অভিযোগ শোনার পর তারা কষ্ট পেয়েছে, কিন্তু এ নিয়ে ফিফায় কোনো আবেদন বা অভিযোগ করা হবে না। ২০২২ বিশ্বকাপ কাতারকে দেওয়ার বিনিময়ে দুই সদস্য ১৫ লাখ পাউন্ড ঘুষ খেয়েছেন বলে লেখা হয়েছে পত্রিকাটিতে। ২০২২ বিশ্বকাপের আয়োজক হতে চেয়েছিল অস্ট্রেলিয়াও। এএফপি, ওয়েবসাইট।