ওয়ার্নারের সমালোচনায় স্টিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়া সভাপতি একাদশের সঙ্গে ইংল্যান্ডের দুই দিনের ম্যাচ শুরু হয়েছে কাল। খেলার এক ফাঁকে খুদে সইশিকারিদের আবদার মেটাতে হলো ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুককে  এএফপি
অস্ট্রেলিয়া সভাপতি একাদশের সঙ্গে ইংল্যান্ডের দুই দিনের ম্যাচ শুরু হয়েছে কাল। খেলার এক ফাঁকে খুদে সইশিকারিদের আবদার মেটাতে হলো ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুককে এএফপি

ক্রিকেটটা খেলতেন মনপ্রাণ ঢেলে। স্টিভ ওয়াহ মাঠে কখনোই ছেড়ে কথা বলতেন না প্রতিপক্ষকে। মাঠে হরহামেশাই কথার হুলে প্রতিপক্ষকে বিদ্ধ করা সেই স্টিভ ওয়াহও বলছেন কাজটা ঠিক করেননি ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলীয় ওপেনার ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রটকে আক্রমণ করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছেন বলেই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। শুধু তা-ই নয়, ওয়ার্নারের মন্তব্যকে একেবারেই ‘অগ্রহণযোগ্য’ বলছেন তিনি।
অবসাদজনিত অসুস্থতা নিয়ে ট্রট গত সপ্তাহেই ফিরে গেছেন ইংল্যান্ডে। এর আগে ব্রিসবেনে প্রথম টেস্টের দুই ইনিংসে কষ্টেসৃষ্টে করেছেন ১০ ও ৯ রান। ওই ম্যাচ চলাকালেই ওয়ার্নার ট্রটকে বলেছিলেন ‘দুর্বল’ ও ‘নড়বড়ে’। ওয়ার্নারকে অবশ্য সমালোচনার তোপ সামলাতে হচ্ছে তখন থেকেই। সেই দলে কাল যোগ দিলেন সাবেক অধিনায়কও।
সিডনি ক্রিকেট ও স্পোর্টস গ্রাউন্ড ট্রাস্ট ওয়েবসাইটে ওয়াহ তোপ দেগেছেন ওয়ার্নারের দিকে, ‘আমি মনে করি ডেভিড ওয়ার্নারের মন্তব্য পুরোপুরিই অগ্রহণযোগ্য ছিল। প্রতিপক্ষের কাউকে ব্যক্তিগত আক্রমণ করায় আমি বিশ্বাসী নই। সে সর্বজনীন কোনো মন্তব্য করতে পারত। কিন্তু এটাকে ব্যক্তিপর্যায়ে নিয়ে যাওয়াটা সীমা লঙ্ঘন। খেলোয়াড়দের পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। তাই আমি ডেভের মন্তব্যের সঙ্গে একমত নই।’
তবে ওয়াহ মনে করছেন, ইংলিশ খেলোয়াড়েরা ভয় পাচ্ছে এটা বুঝতে পেরেই কথাটা বলেছেন ওয়ার্নার, ‘সে সম্ভবত ইংলিশদের মধ্যে ভয় দেখছিল। দুর্ভাগ্য যে জোনাথন ট্রটের জন্য এটা ছিল ব্যক্তিগত ব্যাপার। আপনি শুধু তাঁর মঙ্গল কামনাই করতে পারেন। তাই আমি আশা করছি, ব্যাপারটা ওই টেস্টেই শেষ হয়ে গেছে।’
এ ব্যাপারে অস্ট্রেলিয়া দলকে কিছু পরামর্শও দিয়েছেন স্টিভ ওয়াহ। বলেছেন অস্ট্রেলীয়দের আরও বিচক্ষণ হওয়া উচিত, ‘তারা ভালো খেলছে, তাই এখন তাদের মাঠে অত কথা বলার কোনো দরকার নেই।’
আগামী বৃহস্পতিবার অ্যাডিলেডে শুরু হচ্ছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। এএফপি।