ওয়ার্নের আবার জরিমানা
দুঃসময় নাকি দল বেঁধে আসে। শেন ওয়ার্ন সেটা টের পাচ্ছেন হাড়ে হাড়ে। বিগ ব্যাশে মারলন স্যামুয়েলসের সঙ্গে ঝামেলা বাধিয়ে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি জরিমানা গুনলেন সাড়ে চার হাজার অস্ট্রেলিয়ান ডলার। এর পরপরই গতিসীমার চেয়ে দ্রুত গাড়ি চালিয়ে ৫০০ পাউন্ড জরিমানা দিলেন স্কটল্যান্ডে। এবার বিগ ব্যাশের সেমিফাইনালে চাতুরির আশ্রয় নিয়ে জরিমানা গুনতে হচ্ছে ৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার। মন্থর ওভাররেটের কারণে একবার তিরস্কৃত হতে হয়েছিল মেলবোর্ন স্টারসের অধিনায়ক ওয়ার্ন ও সহ-অধিনায়ক ক্যামেরন হোয়াইটকে। সেমিতে দুজনই একাদশে ছিলেন, কিন্তু ফাইনালে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে ওয়ার্ন টস করতে পাঠান জেমস ফকনারকে। ক্রিকেটের আইনে এমন কিছু করতে বাধা নেই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই যেমন মাহেলা জয়াবর্ধনে এক ম্যাচে টস করতে পাঠিয়েছিলেন কুমার সাঙ্গাকারাকে। কিন্তু বিগ ব্যাশের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধিতে বলা আছে, ‘নিয়মিত অধিনায়ক একাদশে থাকলে অন্য কাউকে টস করতে পাঠানো ক্রিকেটের চেতনার পরিপন্থী বলে গণ্য হবে।’ এ কারণেই জরিমানা।টুইটারে ওয়ার্নের দাবি, ব্যাপারটা তিনি জানতেনই না, ‘এই আইনটা আমার জানাই ছিল না। জানলে নিশ্চয় আমিই টস করতে যেতাম!’ ওয়েবসাইট।