ওয়ার্নের চোখে সেই দল, এই দল
অ্যান্ডি ফ্লাওয়ার শুনে জিবে কামড় দিয়েছেন। গ্রেট ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দলের সঙ্গে তবু এই ইংল্যান্ডের তুলনা চলছেই! তুলনা করতে বলা হয়েছিল ওই অস্ট্রেলিয়া দলের এক অবিচ্ছেদ্য অংশকেও। ডেইলি টেলিগ্রাফ-এ নিজের কলামে শেন ওয়ার্ন লিখেছেন, স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়ার সমকক্ষতা অর্জনের সামর্থ্য আছে স্ট্রাউসের দলের।দুই সময়ের দুই দলের তুলনা কতটা কঠিন, ওয়ার্নের কলমে প্রথমেই উঠে এসেছে সেই কথা, ‘এই দলের সঙ্গে আমাদের সরাসরি তুলনা করা কঠিন। কারণ, আমার সতীর্থরা সবাই ৮০-১০০টি করে টেস্ট খেলেছিল। আর ইংল্যান্ড দলে ২০-৩০ ম্যাচ করেও খেলেছে মাত্র কয়েকজন। তবে কয়েকজন খুবই কম সময়ের মধ্যে অনেক টেস্ট খেলে ফেলেছে। দল হিসেবে এবং ব্যক্তিগতভাবেও এই ইংল্যান্ড দল অস্ট্রেলিয়ার গ্রেট দলের এবং ওই দলের ক্রিকেটারদের সমকক্ষতা অর্জন করতে পারে। দলটার মধ্যে দীর্ঘ সময় ক্রিকেট বিশ্ব নিয়ন্ত্রণ করার রসদ মজুদ আছে।’অ্যালান বোর্ডার, মার্ক টেলর, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্টের অধিনায়কত্বে খেলা ওয়ার্ন এগিয়ে রাখছেন ওয়াহর দলকেই, ‘আমার খেলা সেরা অস্ট্রেলিয়া দল ছিল সম্ভবত নতুন শতাব্দীর শুরুর দিকের দলটি। আমাদের দলে দারুণ সব ক্রিকেটার আগেও ছিল। কিন্তু দল হিসেবে গত দশকের প্রথম ভাগটা ছিল বিশেষ কিছু।’ওই অস্ট্রেলিয়া দলের সঙ্গে এরপর ওয়ার্ন বর্তমান ইংলিশ দলের খেলোয়াড়দের তুলনা করেছেন আলাদা আলাদা করে, ‘আমাদের ওপেনার ছিল হেইডেন-ল্যাঙ্গার। হেইডেন নিয়ন্ত্রণ নিয়ে খেলতে পছন্দ করত, দ্রুত রান তুলত। স্ট্রাউস হয়তো আরও বেশি সলিড, কিন্তু ওপেনারের কাছে চাওয়া থাকে ইনিংসের গতি-প্রকৃতি নির্ধারণ করে দেওয়া। এ জন্য আমি হেইডেনকেই বেছে নেব। ল্যাঙ্গার ও কুকের মাঝে ইংলিশম্যানই এগিয়ে থাকবে। ল্যাঙ্গার ২০টি টেস্ট সেঞ্চুরি করলেও কুক ওর চেয়ে ভালো। ২৬ বছর বয়সী কুকের রানক্ষুধা ছাড়িয়ে গেছে ওর বয়সকেও। তিনে পন্টিং ও ট্রটের মাঝে একজনকে বেছে নেওয়া সহজ, পন্টিং আধুনিক গ্রেটদের একজন।’চারে মার্ক ওয়াহ ও পিটারসেনের মাঝে একজনকে বেছে নেওয়া কঠিন মনে হচ্ছে ওয়ার্নের কাছে। মার্ক অসাধারণ সব ইনিংস খেললে তাঁর ১৮ সেঞ্চুরির একটিতেও যে হারেনি অস্ট্রেলিয়া! এদিকে নিজের সেরা সময়ে পিটারসেন আবার এক সেশনেই ম্যাচ জেতাতে পারেন। ডেমিয়েন মার্টিন ও ইয়ান বেলকে একই ধরনের ব্যাটসম্যান মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার। তবে দুজনের সেরা সময়কে বিবেচনায় নিলে বেলকেই সামান্য এগিয়ে রাখবেন তিনি।দ্য টেলিগ্রাফ ইংল্যান্ডের পত্রিকা বলেই হয়তো তুলনায় খানিকটা ইংলিশ-ঘেঁষা ছিলেন ওয়ার্ন। সে আভাস আছে পরের দুটো তুলনায়, ‘মরগান ও স্টিভ ওয়াহর মধ্যে আমি স্টিভকেই বেছে নেব। তবে মরগানের কেবল শুরু, উদ্ভাবনী ক্ষমতা ও দক্ষতা মিলিয়ে ও আরও ভালো ব্যাটসম্যান হয়ে উঠতে পারে। প্রায়র উইকেটকিপার হিসেবে গিলক্রিস্টের চেয়ে ভালো, কিন্তু ব্যাটিং এগিয়ে রাখবে গিলিকে। সোয়ান আর আমার ব্যাপারে বলতে হয়, সোয়ানের পাশে খেলতে পারলে দারুণ লাগত। আশা করি, আমি দলে জায়গা পাব!’পেসারদের মধ্যে ওয়ার্ন বেছে নিয়েছেন তাঁদের তিনজন—লি-গিলেস্পি-ম্যাকগ্রাকেই। ওয়েবসাইট।