ওয়ার্নের জন্য পেছাল দ্য হানড্রেডের ড্রাফট

লন্ডন স্পিরিটের কোচ ছিলেন শেন ওয়ার্নছবি: দ্য হানড্রেড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য হানড্রেডের এবারের ড্রাফটের প্রথম ডাকে মিচেল মার্শকে বেছে নেবেন, গত মাসের শেষ দিকে জানিয়েছিলেন লন্ডন স্পিরিটের হেড কোচ শেন ওয়ার্ন। সেই ওয়ার্নের জন্য এবার পিছিয়ে গেল ওই ড্রাফট। তাঁর শেষকৃত্যের সূচির সঙ্গে সাংঘর্ষিক বলে পিছিয়ে দেওয়া হয়েছে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টের ড্রাফট।

প্রাথমিকভাবে ৩০ মার্চ হওয়ার কথা ছিল হানড্রেডের এবারের ড্রাফট। তবে সেদিন এমসিজিতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে ৪ মার্চ থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যাওয়া অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তির। এরই মধ্যে সেই শেষকৃত্যের ৫০ হাজার ফ্রি টিকিট জনগণের জন্য ছাড়া হয়েছে। এর আগে জানানো হয়েছিল, এমসিজির ধারণক্ষমতার এক লাখই উন্মুক্ত করে দেওয়া হবে ওয়ার্নকে শেষবিদায়ের জন্য। এর আগে পারিবারিকভাবে ওয়ার্নের আরেকটি শেষকৃত্য হবে।

গত ৪ মার্চ ৫২ বছর বয়সে থাইল্যান্ডে মারা যান শেন ওয়ার্ন
ছবি: রয়টার্স

হানড্রেডের প্রথম মৌসুমটা সুবিধার ছিল না ওয়ার্নের লন্ডন দলের। এমনিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুরুর কয়েকটি ম্যাচ মিস করেছিলেন। লন্ডন স্পিরিট টুর্নামেন্ট শেষ করেছিল সবার নিচে থেকে। এবারের মৌসুমের জন্য তাই মুখিয়ে ছিলেন ওয়ার্ন। অধিনায়ক এউইন মরগান ও গ্লেন ম্যাক্সওয়েল আছেন আগে থেকেই, তাঁর আগ্রহ ছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলা মার্শকে নিয়েও।

নতুন সূচি অনুযায়ী, হানড্রেডের ড্রাফট হবে আগামী ৪ এপ্রিল। তবে পর্দার আড়ালে হবে এটি, ৫ এপ্রিল জানানো হবে কে কোন দলে গেলেন। মেয়েদের টুর্নামেন্টে কাকে কোন দল নিল, সেটিও জানানো হবে সেদিন। নিয়ম অনুযায়ী, এবার প্রথম ডাকে খেলোয়াড় নিতে পারত ওয়ার্নের লন্ডনই।

আগামী ৩০ মার্চ এমসিজিতে হবে শেন ওয়ার্নের শেষকৃত্য
ছবি: এএফপি

ওয়ার্নের শেষকৃত্যের জন্য ড্রাফট পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে হানড্রেড বলেছে, ‘হানড্রেডের বড় একটা অংশ ছিলেন শেন, যাঁকে সবাই ভালোবাসতেন। লন্ডন স্পিরিট ছেলেদের দলের প্রধান কোচ হিসেবে এ প্রতিযোগিতা শুরু করতেও বড় ভূমিকা ছিল তাঁর। টুর্নামেন্টের সবাই তাঁকে মিস করবেন অনেক।’

এর আগে লন্ডনের মহাব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট এক বিবৃতিতে বলেছিলেন, ওয়ার্ন একজন ‘সত্যিকারের আইকন’। এ দলে গতবার ওয়ার্নের সহকারী কোচ ছিলেন ডেভিড রিপলি ও দিমিত্রি মাসকারেনহাস। ওয়ার্নের শূন্য পদে প্রধান কোচের দায়িত্ব কে নেবেন, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি দলটি।

আগামী ৩ আগস্ট সাউদার্ন ব্রেভ ও ওয়েলশ ফায়ারের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের দ্য হানড্রেড।