ওয়ার্নের জীবনে হার্লি
জীবনের উইকেটেও গুগলি তিনি কম ছোড়েননি। সম্পর্কের ব্যাপারে শেন ওয়ার্নের বল আবারও উল্টো দিকে ঘুরে গেল। ব্রিটিশ অভিনেত্রী লিজ হার্লির সঙ্গে তাঁর রোমান্সের গুঞ্জনের মুখেই সাবেক স্ত্রী সিমোনের সঙ্গে আবারও ছাড়াছাড়ির ঘোষণা দিলেন ওয়ার্ন। ওদিকে হার্লিও জানিয়ে দিয়েছেন, ভারতীয় ব্যবসায়ী স্বামী অরুণ নায়ারের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁরও। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিতে পারেন। ৪১ বছর বয়সী ওয়ার্ন আর ৪৫ বছর বয়সী হার্লি সত্যি সত্যিই ভাসতে চলেছেন ভালোবাসার সাম্পানে।সিমোনের বিশ্বাসের দেয়ালে আঘাত করাটা ওয়ার্নের জন্য অবশ্যই নতুন নয়। একসময় তো ভেঙেই গিয়েছিল সম্পর্কের সেতু। ছাড়াছাড়িও হয়ে যায়। পরে ওয়ার্নের জীবনে আবারও ফিরে আসেন সিমোন। নতুন করে বিয়ে না করলেও মেলবোর্নে একই ছাদের নিচে বসবাস করছিলেন। ভালোই চলছিল সবকিছু। কিন্তু গত সপ্তাহে লন্ডনে ওয়ার্নের সঙ্গে হার্লির অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি আর ভিডিও প্রকাশ হওয়ার পর নতুন করে ঝড় ওঠে। গুঞ্জন রটে যায়, সিমোনকে ছেড়ে ওয়ার্ন ঘর বাঁধতে চলেছেন হার্লির সঙ্গে।এই গুঞ্জনের মধ্যে ওয়ার্ন তাঁর ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানালেন, ‘দুঃখজনক এবং দুর্ভাগ্যের বিষয় হলো, সিমোনের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে বেশ কিছুদিন হলো। ওই সময় বিষয়টি আমরা আমাদের কাছের বন্ধু আর পরিবারের মানুষদের জানিয়েছিলাম। বিষয়টি একেবারেই ব্যক্তিগত হওয়ায় সেটি সবাইকে জানানো হয়নি। তবে আমরা দুজনে এখনো ভালো বন্ধু। ভালো অভিভাবক হিসেবেই আমরা আমাদের সন্তানদের দেখভাল করব।’ওয়ার্নের কয়েক ঘণ্টা আগে হার্লিও তাঁর ‘টুইটারে’ জানান, নায়ারের সঙ্গে তিন বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনে দিয়েছেন তিনিও, ‘সবার অবগতির জন্য জানাচ্ছি, আমি আর আমার স্বামী অরুণ কয়েক মাস আগে আলাদা হয়ে গেছি। আমাদের কাছের বন্ধুস্বজনেরা এটা জানেন।’ওয়ার্নের মতো হার্লিও তাঁদের নতুন সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি। গত জুলাই থেকে এই দুজনের মন দেওয়া-নেওয়া চলছে বলে খবর। এএফপি।