ওয়ার্নের নতুন প্রেমিকা প্লেবয় মডেল

বেশি দিন শূন্যতা সহ্য হয় না তাঁর হূদয়ে। লিজ হার্লির সঙ্গে ছাড়াছাড়ির পর দ্রুতই নতুন প্রেমিকা জুটিয়ে নিয়েছেন শেন ওয়ার্ন। হার্লির মতো গ্ল্যামার দুনিয়ার নামীদামি কেউ না হলেও নতুন প্রেয়সী একেবারে ফেলনাও নয়। ‘প্লেবয়’ সাময়িকীর প্রচ্ছদ-কন্যা হওয়া এই প্রেমিকার নাম এমিলি স্কট।
গত কিছুদিন লন্ডনের বেশ কিছু অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। একটি প্রীতি ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে কোল্ডপ্লের কনসার্টেও। প্যারিসেও দুজনের ছুটি কাটানোর সাক্ষী হয়ে আছে ইনস্ট্যাগ্রামের ছবিগুলো। ফলে বেশ কিছুদিন থেকে গুঞ্জন রটে, ওয়ার্ন আর স্কট প্রেম করছেন। যদিও গত মাসে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন সর্বকালের সেরা এই লেগস্পিনার।
কিন্তু স্কটকে ওয়ার্নের চুম্বনের ছবি ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি বদলে যায়। অবশেষে এবার টুইটারে ওয়ার্ন আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন এই সম্পর্কের কথা। উইম্বলডনের গ্যালারিতে খেলা দেখতে আসার আগে টুইট করে ওয়ার্ন তাঁর মতো খেলাচ্ছলেই বলেছেন, ‘পুনশ্চ, হ্যাঁ আমি আমার প্রেমিকা এমিলি স্কটকেও নিয়ে যাচ্ছি, যে কিনা আগুনজ্বলা রূপসি।’