ওয়ার্নের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর ভেঙে ক্রিকেটে ফেরার আভাস দিয়ে রেখেছিলেন আগেই। এবার আনুষ্ঠানিকভাবেই ফেরার ঘোষণা দিলেন শেন ওয়ার্ন। আগামী মাসে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ‘বিগ ব্যাশ’-এ খেলবেন অস্ট্রেলিয়ার স্পিন জাদুকর। গত পরশু মেলবোর্ন স্টারসের হয়ে চুক্তিপত্রেও স্বাক্ষর হয়ে গেছে। এখন শুধু মাঠে নামার অপেক্ষা।সিডনিতে টুর্নামেন্ট শুরু হবে ১৬ ডিসেম্বর। পরদিনই ওয়ার্নের প্রিয় মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিডনি থান্ডারের বিপক্ষে মেলবোর্ন স্টারসের প্রথম ম্যাচ।২০০৬-০৭ মৌসুমে ঘরের মাঠে ইংল্যান্ডকে অ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশের মধ্য দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন ওয়ার্ন। তবে ঘরোয়া ক্রিকেটটা ঠিকই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এ বছরই মে মাসে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে শেষ ম্যাচটি খেলে সব ধরনের ক্রিকেটকেই বিদায় বলে দেন। কিন্তু ছয় মাস না যেতেই ৪২ বছর বয়সী ওয়ার্ন দিলেন ফেরার ঘোষণা। এএফপি, রয়টার্স।৩৫ পেরোলেই যেখানে ক্রিকেটাররা ‘বুড়ো’ হয়ে যান, সেখানে ওয়ার্ন ক্রিকেটে ফিরছেন ৪২ বছর বয়সে! এর কারণ, লিজ হার্লির সঙ্গে প্রেমের পর থেকে ১২ কেজি ওজন কমিয়ে নিজেকে চনমনে মনে করছেন। ওয়ার্নের কাছে নিজেকে এখন মনে হয় তরুণ, আত্মবিশ্বাসও প্রচণ্ড। আর তাই এই মৌসুমই শুধু নয়, ওয়ার্ন খেলে যেতে চান আরও। তবে সেটা নির্ভর করবে এই মৌসুমের পারফরম্যান্সের ওপর। ওয়ার্ন বলছেন, ‘এ মুহূর্তে আমি ৪২ বছরের তরুণ। কাজেই আমি দেখব, এ বছরটি কেমন যায়।’ক্রিকেটের প্রতি ভালোবাসা তো আছেই, ওয়ার্নের টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার পেছনে বড়সড় কারণ আছে আরও একটি। ওয়ার্ন যে এত বড় মাপের ক্রিকেটার ছিলেন এবং মাঠে কী করতে পারেন, সেটা তাঁর সন্তানেরা তো অতটা জানে না। বাবা হিসেবে তাদের হূদয়েও তো স্মৃতি স্বরূপ কিছু গেঁথে দেওয়া কর্তব্য। ওয়ার্নই বলছেন, ‘আমার ১৪, ১২ ও ১০ বছর বয়সী সন্তানেরা সত্যিই মনে করতে পারে না, তাদের বাবা এত ক্রিকেট খেলেছে। আমার সন্তানেরা এবং এলিজাবেথ খেলা দেখতে আসবে এবং এমসিজিতে আমাকে ক্রিকেট খেলতে দেখাটা হবে তাদের জন্য বিশেষ কিছু।’ওয়ার্ন ফেরায় বিগ ব্যাশও অন্য মাত্রা পাবে বলে মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।