ওয়ার্নের বিরুদ্ধে অভিযোগ রাজস্থান রয়্যালসের
টানা চার বছর রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মাতিয়েছেন শেন ওয়ার্ন। অধিনায়ক ও কোচ হিসেবে একাই দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। রাজস্থানকে শিরোপা এনে দিয়েছিলেন প্রথম আসরেই। কিন্তু সম্প্রতি রাজস্থান কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা বিবাদে জড়িয়ে পড়েছেন অস্ট্রেলিয়ান এই স্পিন কিংবদন্তি। শুধু বিবাদই নয়, ওয়ার্নের বিরুদ্ধে বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও করেছে রাজস্থান রয়্যালস।গতকাল জয়পুরে নিজেদের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৯ উইকেটের অপমানজনক হারের পর কিছুটা উত্তেজিতই হয়ে পড়েছিলেন ওয়ার্ন। মনমতো পিচ প্রস্তুত করতে পারেনি—এমন অভিযোগ করে রাজস্থানের সেক্রেটারি সঞ্জয় দীক্ষিতের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন তিনি। ওয়ার্ন, সঞ্জয়কে সবার সামনেই ‘মিথ্যাবাদী ও অহংকারী’ বলে আখ্যায়িত করেছিলেন বলে অভিযোগ করেছে রাজস্থান রয়্যালস।পুরো ঘটনা নিয়ে শেন ওয়ার্নের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। আর এ ব্যাপারে সঞ্জয় দীক্ষিতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পিচটা প্রস্তুত হয়েছে পিচ কমিটি ও কিউরেটরের তত্ত্বাবধানে। বিসিসিআই এটাকে অনুমোদনও দিয়ে দিয়েছিল। এর পরও আমি তাঁর দাবি কীভাবে পূরণ করতাম? ওয়ার্নের আচরণ পুরোপুরিই অযৌক্তিক এবং এ কারণেই আমি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি।’ টাইমস অব ইন্ডিয়া।