ওয়ার্নের স্পিন জাদুতে ধ্বংস ক্যারিবীয় স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬ সালের বিশ্বকাপে আরও একটি ক্ল্যাসিক ম্যাচের উদাহরণ অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটি। মোহালিতে অনুষ্ঠিত সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নিশ্চিত বিজয় কেড়ে নিয়ে ক্রিকেটের অনিশ্চয়তা আর রোমাঞ্চের বলি বানিয়েছিল ‘নেভার সে ডাই’ তত্ত্বে বিশ্বাসী অসিরা। আর অস্ট্রেলিয়ার সেই দুরন্ত লড়াইয়ে মূল অভিযাত্রীর দায়িত্ব পালন করে শেন ওয়ার্ন নিজেকে নিয়ে গিয়েছিলেন ক্রিকেটের ‘হল অব ফেমে’। বিশ্বকাপ ফাইনালে স্থান করে নেওয়ার জন্য মাত্র ২০৭ রানের লক্ষ্যমাত্রাও ওয়েস্ট ইন্ডিজের কাছে হয়ে দাঁড়িয়েছিল পাহাড়সম। শিবনারায়ণ চন্দরপল, ব্রায়ান লারা ও অধিনায়ক রিচি রিচার্ডসনের তিনটি অনবদ্য ইনিংস হার মেনে যায় শেন ওয়ার্নের জাদুকরি ঘূর্ণির কাছে। ম্যাচের তিন বল বাকি থাকতেই ক্যারিবীয়দের পাঁচ রানে হারিয়ে অস্ট্রেলিয়া উঠে যায় ’৯৬-এর বিশ্বকাপের ফাইনালে।আগের দিন শ্রীলঙ্কার কাছে স্বাগতিক ভারত বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। সে কারণে মোহালির দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে আয়োজকেরা ছিলেন বেশ উদ্বিগ্ন। কারণ, স্বাগতিক ভারতের বিদায়ের শোকে দর্শকেরা না আবার ম্যাচটি থেকে মুখ ফিরিয়ে রাখে। কিন্তু, কলকাতায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল শেষ না হতে পারার লজ্জা ঢাকতেই কি না মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম সেদিন ছিল কানায় কানায় পরিপূর্ণ। ম্যাচের আগে কি তারা জানত, ক্রিকেটের একটি ক্ল্যাসিকের সাক্ষী হতে যাচ্ছে তারা?টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মোহালির ফ্ল্যাট ব্যাটিং উইকেটে নিজেদের স্কোর অনেক ওপরে নিয়ে যাওয়া লক্ষ্য থাকলেও বোর্ডে কোনো রান জমা হতে না হতেই প্রথম উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ইনফর্ম মার্ক ওয়াহ কার্টলি অ্যামব্রোসের বলে ফিরে গেলে দারুণ বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। সেই বিপদের মাত্রা আরও বাড়ে যখন স্কোরবোর্ডে ১৫ রান না উঠতেই একে একে ফিরে যান মার্ক টেইলর, রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ। দলের সেরা চার ব্যাটসম্যানকে হারিয়ে অস্ট্রেলিয়া তখন রীতিমতো দিশেহারা। ওয়েস্ট ইন্ডিজের অ্যামব্রোস ও ইয়ান বিশপ প্রথম ১০ ওভারে দর্শকদের মোহিত করে রাখেন ক্যারিবীয় পেস আক্রমণের সৌন্দর্যে।শীর্ষ চার অসি ব্যাটসম্যানের বিদায়ের পর উইকেটে আসেন স্টুয়ার্ট ল ও মাইকেল বেভান। এ দুজন নেমে পড়েন ইনিংস মেরামতের কাজে। তাঁরা ধীর-স্থিরভাবে পরিস্থিতি সামলাতে থাকেন। স্টুয়ার্ট ল ৭২ রানের ইনিংস খেলে রান আউট হয়ে যান বেভানের সঙ্গে ক্ষণিকের ভুল-বোঝাবুঝিতে। বেভান ৬৯ রান করে রজার হার্পারের বলে রিচি রিচার্ডসনের হাতে ধরা পড়েন। শেষ দিকে ইয়ান হিলি ৩১ রানের এক লড়াকু ইনিংস খেলে অস্ট্রেলিয়ার রান কোনোমতে ২০০ পার করেন। হিলি রান আউট হয়ে গেলে পল রেইফেল সাত ও ওয়ার্ন ছয় রান করলে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় আট উইকেটে ২০৭। লারা, চন্দরপাল, রিচি রিচার্ডসন, হার্পার, ব্রাউনদের নিয়ে গড়া ক্যারিবীয় ব্যাটিং লাইনআপের কাছে এই স্কোর কতটা মামুলি হতে পারে, এ নিয়ে জল্পনা-কল্পনা করতে করতে মোহালির ও টিভিতে ম্যাচটি দেখতে থাকা দর্শকেরা হয়তো একবারও ভাবেনি, তাদের জন্য কী ধরনের নাটক অপেক্ষা করছে।ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নামার পর শুরুটা একেবারে মন্দ করেনি। কোর্টনি ব্রাউন ও চন্দরপল প্রথম উইকেটে তুলে ফেলেন ২৫ রান। এ সময় অসি অধিনায়ক মার্ক টেইলর ব্রেক থ্রুর আশায় আক্রমণে নিয়ে আসেন শেন ওয়ার্নকে। ওয়ার্ন বোলিংয়ে এসেই ব্রাউনকে কট অ্যান্ড বোল্ড করে অস্ট্রেলীয়দের হার না মানার সংগ্রামের শুভ সূচনা করেন। কিন্তু এর পরেই চন্দরপলের সঙ্গে জুটি বেঁধে লারা ওয়েস্ট ইন্ডিজের স্কোর নিয়ে যান ৯৩ রানে। উইকেটের চারদিকে স্ট্রোক খেলে চন্দরপল ও লারা এ সময় অসি বোলারদের পাত্তাই দিচ্ছিলেন না। ব্রায়ান লারা ব্যক্তিগত ৪৫ রানে স্টিভ ওয়াহর বলে বোল্ড হন। এরপর রিচার্ডসন উইকেটে এসে দায়িত্বশীল ব্যাটিং শুরু করেন। সে সময় এক, দুই করে চন্দরপল ও রিচার্ডসন ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যেতে থাকেন কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্ক টেইলরের কপালে চিন্তার রেখা হতে থাকে গভীর। ঠিক এ সময় শেন ওয়ার্ন আপন মহিমায় আবার জ্বলে ওঠেন। কিন্তু ওয়ার্নের স্ফুলিঙ্গে এবার ওয়েস্ট ইন্ডিজের বাকি ব্যাটসম্যানদের অঙ্গার হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। একে একে তিনি প্যাভেলিয়নে ফেরত পাঠান ওটিস গিবসন, জিমি অ্যাডামস ও ইয়ান বিশপকে। ম্যাকগ্রাও কম যাননি। তিনি ফেরত পাঠান ব্যক্তিগত ৮০ রানে ব্যাট করতে থাকা শিবনারায়ণ চন্দরপলকে। এর পাশাপাশি রজার হার্পারকে আউট করে ম্যাকগ্রা-ওয়ার্নের কল্যাণেই অস্ট্রেলীয় খেলোয়াড়দের মধ্যে জয়ের আত্মবিশ্বাস ফিরে আসে। ডেমিয়েন ফ্লেমিং আউট করেন কিথ আর্থারটন ও কোর্টনি ওয়ালশকে। ২০৭ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের স্কোর একপর্যায়ে পাঁচ উইকেটে ১৭৮ থাকলেও, তাঁরা শেষ পাঁচ উইকেট হারায় মাত্র ২৪ রানে। উইকেটের একপ্রান্তে দাঁড়িয়ে ৪৯ রানে অপরাজিত থেকে ওয়েস্ট ইন্ডিজের বাকি ব্যাটসম্যানদের বালখিল্য ব্যাটিং-শৈলী হতাশ বদনে দেখতে থাকেন রিচি রিচার্ডসন। চেয়ে দেখেন তিনি ম্যাকগ্রা নামের এক পেসার ও ওয়ার্ন নামের এক স্পিন জাদুকর কীভাবে ম্যাচটি বের করে নিয়ে গেলেন। দর্শকেরাও সাক্ষী হলেন এক ক্রিকেট ক্ল্যাসিকের। যা অমর-অক্ষয় বিশ্বকাপ তথা ক্রিকেটের স্মৃতির পাতায়।