ওয়ার্নের ‘চূড়ান্ত’ বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়ে ফেলেছেন সেই ২০০৭ সালে। ঘরোয়া ক্রিকেটকেও ‘বিদায়’ বলেছেন অনেকবারই। কিন্তু আইপিএল ও বিগ ব্যাশে খেলার হাতছানি উপেক্ষা করতে না পেরে আবার মাঠে ফিরেছেন। ২০১১ সালে আইপিএলকেও বিদায় বলার পর নিজের ক্রিকেটার সত্তাটা জিইয়ে রেখেছিলেন বিগ ব্যাশের মাধ্যমেই। কিন্তু গতকাল অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকেও বিদায় বলে দিয়ে পুরোদস্তুর সাবেক বনে গেলেন শেন ওয়ার্ন। বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের ওয়েবসাইটে বিদায়ের ঘোষণা দিয়ে ৪৩ বছর বয়সী ওয়ার্ন লিখেছেন, ‘আমি মনে করি, বিগ ব্যাশের বুট জোড়া তুলে রাখার জন্য এটাই সঠিক সময়—ব্যবসা দেখাশোনা, পরিবার এবং দুই মহাদেশ ঘুরে ধারাভাষ্যের দায়িত্ব পালন করাটা সহজ নয়।’কিন্তু এই ঘোষণাকে উল্টে ফেলে আবার ক্রিকেট মাঠে ফিরবেন না তো? সংশয়মিশ্রিত প্রশ্নটা জাগছে তিনি ওয়ার্ন বলেই। বারবার ‘শেষ’ বলেও ফিরে আসা নিয়ে গত বছর ওয়ার্ন নিজেই বলেছিলেন, ‘আর কখনোই বলব না যে কখনোই না। ২০০৭ সালেও বলেছিলাম আর কখনোই ক্রিকেট খেলব না। মনে হয়, আমি নয়বার অবসর নিয়েছি।’ এএফপি।