ওয়ালকট এখন অনেক বড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতটুকু কালো হলে মায়েরা তাঁর ছেলে বা মেয়েকে ‘শ্যামলা’ বলেন, ছেলেটা তার চেয়েও কালো। কিন্তু অদ্ভুত মায়াবি মুখ। চোখ জোড়ায় এমন কিছু আছে, মায়া লাগবেই। কিন্তু সেই ছেলেটার হাতে ভয়ংকর একটা ‘অস্ত্র’ থাকে—বর্শা!না, বর্শা দিয়ে সে কাউকে বেঁধে না। আবার বেঁধেও। এবার লন্ডন অলিম্পিকে যেমন বিঁধল। তাতে কেউ আহত হয়নি, খুশি হয়েছে। ছেলেটা যে বিঁধে ফেলেছে একটা সোনা! আর এই সোনা দিয়েই একটা ইতিহাস গড়ে ফেলেছেন ত্রিনিদাদ ও টোবাগোর ১৯ বছর বয়সী কেশর্ন ওয়ালকট। জ্যাভলিন থ্রো বা বর্শা নিক্ষেপে অলিম্পিকের ইতিহাসে তিনি সবচেয়ে কম বয়সী সোনাজয়ী। আরেকটা কীর্তি আছে। ঠিক ৫০ বছর পর অ-ইউরোপীয় কারও গলায় তুললেন বর্শা নিক্ষেপের সোনা। সর্বশেষ ১৯৫২ অলিম্পিকে জিতেছিলেন যুক্তরাষ্ট্রের সাই ইয়াং।ব্রায়ান লারার দেশ ত্রিনিদাদ ও টোবাগোর সেই অর্থে খেলাধুলার বিরাট কোনো সুনাম নেই। ছোট্ট একটা দেশ। কিন্তু এই ছোট দেশ থেকেই বড় বড় অনেক তারকা উঠে এসেছেন। লারা যেমন ক্রিকেটে, ফুটবলে তেমনি ডুইট ইয়র্ক। অ্যাথলেটিকসেও উঠে এসেছেন অনেকে। ১৯৭৬ মন্ট্রিয়ল অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে যেমন সোনা জিতেছিলেন হেসলি ক্রফোর্ড। কিন্তু ত্রিনিদাদ থেকে বর্শা নিক্ষেপকারী? একটু বেমানানই!ক্রফোর্ডের সোনা জয়ের এই কীর্তি যখন, তারও ১৭ বছর পর জন্ম ওয়ালকটের। কে জানত, এই কিশোরের হাতেই টিঅ্যান্ডটির ৩৬ বছরের অপেক্ষা ঘুচবে! ক্রফোর্ডের সোনা জয়ের স্মৃতিতে যখন তিন দশকের ধুলো, সেই সময় ওয়ালকট ১২ লাখ জনসংখ্যার দেশটিকে আবারও আনন্দে ভাসালেন। এনে দিলেন দ্বিতীয় অলিম্পিক সোনা। ৮৪.৫৮ মিটার দূরত্বে বর্শা বিঁধেছেন তিনি। অথচ মজার ব্যাপার হলো, খেলাটা মাত্র তিন বছর আগে শুরু করেছিলেন। প্রথম বড় কোনো প্রতিযোগিতায় অংশ নেন ২০১২ সালে। ২০১০ সালের বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে হয়েছিল ১৬তম। হতাশায় নাকি কেঁদেই দিয়েছিলেন বাচ্চা ছেলের মতো। সেই তিনিই ২০১২ জুনিয়র চ্যাম্পিয়নশিপে জিতেছেন সোনা। আর এবারের অলিম্পিক তো জানিয়ে দিল, ওয়ালকট আর ‘জুনিয়র’ নেই! ওয়েবসাইট।