ওয়ালকটের আবার স্বপ্নভঙ্গ

শনিবার টটেনহামের বিপক্ষে এফএ কাপের ম্যাচের শেষ দিকে মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। বেরিয়ে যাওয়ার সময় থিও ওয়ালকটের মুখে ছিল হাসি। গ্যালারির দিকে দুই আঙুল উঁচিয়ে দলের ২-০ গোলে এগিয়ে থাকার আনন্দও প্রকাশ করছিলেন। আর্সেনালের ইংলিশ ফরোয়ার্ডের তখন কি একবারের জন্যও মনে হয়েছিল, এই হাসির আড়ালেই লুকিয়ে আছে বড় এক দুঃসংবাদ! হ্যামস্ট্রিংয়ের চোট কেড়ে নিচ্ছে তাঁর বিশ্বকাপ স্বপ্ন!
পরশু আর্সেনাল নিশ্চিত করেছে, হাঁটুর চোটের কারণে ওয়ালকটকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত ছয় মাস। মৌসুমের বাকি সময়ে তো বটেই, ওয়ালকট খেলতে পারবেন না বিশ্বকাপেও।
ওয়ালকটকে ২০০৬ বিশ্বকাপ দলে রেখে সবাইকে চমকে দিয়েছিলেন ইংল্যান্ডের তখনকার কোচ সভেন গোরান এরিকসন। যদিও জার্মানি বিশ্বকাপে একবারের জন্যও মাঠে নামার সুযোগ হয়নি। তা না হোক, ১৭ বছর বয়সেই বিশ্বকাপ দলের অংশ হয়ে ওয়ালকট নিশ্চয়ই আঁকিয়ে নিয়েছিলেন রঙিন ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন কীভাবেই না মিশে যাচ্ছে দুঃস্বপ্ন হয়ে! ২০১০ বিশ্বকাপে ফ্যাবিও ক্যাপেলোর দলে জায়গাই হয়নি। আরেকটি বিশ্বকাপকে সামনে রেখে ওয়ালকটের সবকিছুই এগোচ্ছিল প্রত্যাশামতো। চোট কাটিয়ে ফিরে মৌসুমটা শুরু করেছিলেন দুর্দান্ত। কিন্তু নিয়তির নিষ্ঠুরতায় এবারও ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে বিশ্বকাপ দেখতে হবে দর্শক হয়ে। এএফপি।
ওয়ালকটের মতো নিশ্চিত নয়, তবে ইতালিয়ান ফরোয়ার্ড গুইসেপে রসির বিশ্বকাপে খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ডান হাঁটুর চোট ফিওরেন্টিনার ২৬ বছর বয়সী ফরোয়ার্ডকে ভোগাচ্ছে অনেক দিন ধরেই। রোববার লিভর্নোর বিপক্ষে ম্যাচে সেই ডান হাঁটুতেই নতুন করে চোট, হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। তাঁকে মাঠের বাইরে থাকতে হবে দুই থেকে তিন মাস। যিনি কিনা এখনো পর্যন্ত সিরি আ’র সর্বোচ্চ গোলদাতা (১৮ ম্যাচে ১৪ গোল)। রসির চোট শুধু ফিওরেন্টিনাকেই নয়, দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে ইতালি কোচ সিজারে প্রানদেল্লির কপালেও।
বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ চলছে একদিকে, অন্যদিকে কারও কারও ক্যারিয়ারের বিদায়ের সুরও বেজে উঠেছে। উদিনেসের স্ট্রাইকার অ্যান্তোনিও ডি নাতালে তেমনই একজন। এই মৌসুম শেষেই বুটজোড়া আনুষ্ঠানিকভাবে তুলে রাখার ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী ইতালির সাবেক স্ট্রাইকার।