ওয়ালকটের হ্যাটট্রিকে দুর্বার আর্সেনাল
এমিরেটস স্টেডিয়ামের গ্যালারিতে বসে ম্যাচটা দেখেছিলেন। আর্সেনালের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেললেও সুযোগ পেলেই লন্ডনে চলে যান থিয়েরি অঁরি। তার ওপর মেজর সকার লিগও আপাতত বন্ধ। তাই অনুশীলন করছেন পুরোনো ক্লাবের সঙ্গেই। গ্যালারিতে সাবেক আর্সেনাল তারকার উপস্থিতিই কি অনুপ্রাণিত করেছিল থিও ওয়ালকটকে? দুর্দান্ত এক হ্যাটট্রিকে ওয়ালকট মনে করিয়ে দিয়েছেন অঁরির সেই সোনালি দিনগুলোর কথা। দারুণ এক ম্যাচে আর্সেনালও নিউক্যাসলকে হারিয়েছে ৭-৩ গোলে।শুধু স্কোরলাইন বলবে অনায়াস জয় পেয়েছে আর্সেনাল। কিন্তু নিউক্যাসল একটা সময় পর্যন্ত দারুণ লড়াই-ই করছিল। তিনবার পিছিয়ে পড়েও এনেছিল সমতা। ৭২ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ৩-৩। এর পর শেষ ২০ মিনিটে ওয়ালকট ও জিরু দুজনই জোড়া গোল করে বড় জয়ই এনে দেন গানারদের।অথচ পরের মৌসুমে ওয়ালকট থাকবেন কি না, সেটা নিয়েই আছে সংশয়। এখনো চুক্তি নবায়ন করেননি, বেতন নিয়ে বনিবনা না হওয়ায় দল ছেড়ে দেওয়ার গুঞ্জন আছে। এমন একটা হ্যাটট্রিকের পর আর্সেন ওয়েঙ্গার নিশ্চয় তাঁকে ধরে রাখতে সম্ভাব্য সবকিছুই করবেন। ওয়ালকটের সামর্থ্য নিয়ে কখনোই সংশয় ছিল না বলেও জানিয়েছেন ফরাসি কোচ, ‘সে দারুণ করেছে এবং কী করতে পারে সেটাও দেখিয়েছে।’ সাউদাম্পটন থেকে ছয় বছর আগে এসেছিলেন আর্সেনালে। ক্লাবের প্রতি ভালোবাসাই এই উইঙ্গারকে ধরে রাখবে বলেই ওয়েঙ্গারের বিশ্বাস, ‘আমার মনে হয় সে ক্লাবটাকে ভালোবাসে। ক্লাবও ভালোবাসে ওকে। আমার ইচ্ছা তার সঙ্গে চুক্তিটা বাড়ানো।’ ওয়ালকট অবশ্য নিশ্চিত করে এখনো কিছু বলেননি।ওদিকে ম্যানচেস্টার সিটির ত্রাণকর্তা ছিলেন এডিন জেকো। এই মৌসুমে বদলি হিসেবে নেমে বেশ কয়েকবারই দলকে বাঁচিয়েছেন। নরউইচের সঙ্গে ম্যাচে অবশ্য শুরু থেকেই নেমেছিলেন। জেকোর দুই গোলেই দুর্দান্ত এক ম্যাচে সিটি জিতেছে ৪-৩ গোলে। জেকোর হ্যাটট্রিকও হয়ে যেতে পারত। কিন্তু তাঁর নেওয়া শট গোলরক্ষকের হাতে লেগে দিক পাল্টে জালে ঢোকায় গোলটা দেওয়া হয় আত্মঘাতী।সিটি হেরেও যেতে পারত। বিরতির ঠিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সামির নাসরিকে। ১০ জনের দল নিয়েও শেষ পর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচটি জিতেছে সিটি। ম্যাচ শেষে কোচ মানচিনি রেফারিং নিয়েই ছিলেন বেশি উচ্চকণ্ঠ। নাসরি আর সেবাস্তিয়ান ব্যাসং দুজনই মেজাজ হারিয়ে মাথায় মাথা ঠুকেছিলেন। কিন্তু শাস্তি শুধু পেয়েছেন নাসরি। এটাই পছন্দ হয়নি মানচিনির, ‘দুজনই একই সঙ্গে এগিয়ে এসেছিল, তাই বের করে দিতে হলে দুজনকেই দিতে হবে, একজনকে নয়। আইন সবার জন্য একটাই।’ নাসরির লাল কার্ড নিয়ে এফএর কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগও জানাবে সিটি।ওয়েস্ট ব্রমের বিপক্ষে দুর্দান্ত এক গোলের পর নিজের জার্সি উঠিয়ে ফেলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের রবিন ফন পার্সি। সেখানে লেখা ছিল ‘শান্তিতে ঘুমাও চুনা’। কে এই চুনা, সেটা নিয়ে শুরু হয় হইচই। টুইটার-ফেসবুকে রটে যায়, এই বার্তা আসলে নয়াদিল্লির নিহত তরুণী দামিনীর উদ্দেশ্যে। পরে জানা যায়, চুনা আসলে পার্সির পারিবারিক বন্ধু। হল্যান্ডের নামকরা হেয়ারড্রেসার। ম্যাচের আগের রাতেই প্রয়াত হয়েছেন। পার্সির গোল উদ্যাপনও তাঁর স্মৃতির উদ্দেশ্যেই। এএফপি।