ওয়ালশের চোখে ‘এক নম্বরে’ শচীন
শচীন টেন্ডুলকারের প্রশংসায় মেতে ওঠার লোকের অভাব নেই। মাঠ, মাঠের বাইরে ভারতের এই লিটল মাস্টার নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, তাঁকে নিয়ে সমালোচনার সুযোগ খুব একটা পান না ‘পেশাদার’ সমালোচকেরাও!কেউ বলেন, শচীন ভারতীয়দের মধ্যে সেরা ব্যাটসম্যান। কেউ আবার তাঁকে ‘বিশ্বসেরা’ ব্যাটসম্যানের আখ্যা দিতেও দ্বিধা করেন না। ভারতের এই ব্যাটিং ‘মায়েস্ট্রো’কে কীভাবে দেখেন কোর্টনি ওয়ালশ? ‘আমার কাছে শচীন ভারতীয়দের মধ্যে সেরা ব্যাটসম্যান’—ওয়ালশের জবাব।নব্বইয়ের দশকের ভয়ংকর ফাস্ট বোলারদের একজন ছিলেন ওয়ালশ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই ক্যারিবীয় কিংবদন্তি বিদায় নেন ২০০১ সালে। আর শচীনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ১৯৮৯ সালে। এর মানে, ক্রিকেটার হিসেবে এক দশক শচীনকে দেখার সুযোগ পেয়েছেন ওয়ালশ। মুখোমুখি লড়াইয়ের দীর্ঘ অভিজ্ঞতা থেকে ওয়ালশ বলছেন, ‘কখনো কখনো ও আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে। মাঝেমধ্যে আমিও ওকে চ্যালেঞ্জ জানিয়েছি। সত্যিকার অর্থে আমাদের লড়াই হতো। তবে দুজনের মধ্যে একে অপরের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ছিল।’৫১৯ উইকেটে নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ওয়ালশের অবস্থান পঞ্চম। তাঁর চেয়ে বেশি উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন কেবল মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), অনিল কুম্বলে (৬১৯) ও গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)। ওয়েবসাইট।